ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
জিনস প্যান্ট ও জুতা থাকায় কোমর থেকে দেহের নিচের অংশটুকু অক্ষত রয়েছে। মাথা থেকে কোমর পর্যন্ত অংশ শিয়াল-কুকুরে খেয়ে ফেলেছে। এ রকম একটি লাশ পড়ে ছিল জয়পুরহাটের তুলসীগঙ্গা নদীর পূর্ব পাশের একটি সরিষাখেতে।
গতকাল মঙ্গলবার বিকেলে এক ব্যক্তি ছাগল চড়াতে গিয়ে লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে আক্কেলপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। উপপরিদর্শক (এসআই) আশিক ইকবাল বলেন, সরিষার খেতটি ক্ষেতলাল থানার আওতাধীন। তাই ক্ষেতলাল থানাকে লাশটি বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত কোনো যুবকের লাশ এটি।
গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সরিষাখেতে এক ব্যক্তির লাশ পড়ে আছে। দেহের মাথা থেকে কোমর পর্যন্ত শিয়াল-কুকুর খেয়ে ফেলেছে। পরনে তখনো নীল রঙের জিন্স প্যান্ট ও পায়ে জুতা ছিল। দেহের এই অংশটুকু অক্ষত রয়েছে। লাশের পাশে একটি জ্যাকেট ও মাফলার পড়ে আছে। জ্যাকেটের দুই হাত রশিতে বাঁধা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও যুবকটিকে হত্যা করে লাশ ওই খেতে ফেলে গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ক্ষেতলাল থানার শেষ সীমানায় একটি সরিষাখেতে শিয়ালে খাওয়া অর্ধেক লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি এখনো কেউ শনাক্ত করেনি।