ভোক্তা অধিকার দিবসে শোভাযাত্রা, মানববন্ধন
ক্ষতিকর খাদ্য উৎপাদনে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গতকাল বুধবার ঝিনাইদহ, যশোর, রাজবাড়ী ও চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বা পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বেলা ১১টার দিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে ঝিনাইদহ শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি পোস্ট অফিস মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ ক্যাবের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, অধ্যক্ষ সুব্রত মল্লিক, উন্নয়নকর্মী আমিনুল ইসলাম, হায়দার আলী ও হাবিবুর রহমান, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দীন জুলিয়াস ও ফারজানা টুম্পা বক্তব্য দেন।
যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা সাড়ে ১১টার দিকে সেমিনার শুরু হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মণ্ডল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। বক্তব্য দেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাছরিন নাহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরূপজ্যোতি ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, মনিরামপুর বণিক সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন প্রমুখ।
রাজবাড়ীতে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে সরকারদলীয় সাংসদ, জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সিভিল সার্জন চিকিৎসক রহিম বক্স। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আছাদুজ্জামান, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকির হোসেন, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন প্রমুখ।
চুয়াডাঙ্গায় বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবপ্রসাদ পাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদদীন।