ক্ষতিকর ঘনচিনি ও রং মিশিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম!
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি, স্যাকারিন এবং খাবার অনুপযোগী রং দিয়ে আইসক্রিম তৈরি করার অপরাধে চট্টগ্রামের দুটি আইসক্রিম কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নগরের নূর হাউজিং সোসাইটি এলাকায় কারখানা দুটিতে অভিযান চালানো হয়। বরফ তৈরি করার জন্য সিটি করপোরেশন থেকে ছাড়পত্র নিয়ে আইসক্রিম বানানো শুরু করে প্রতিষ্ঠান দুটি।
প্রতিষ্ঠান দুটি হলো কোহিনূর আইসবার ও লাকি আইসবার। এর মধ্যে কোহিনূর আইসবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, কোহিনূর আইস বারের বিএসটিআইয়ের সনদ নেই। বরফ তৈরির কারখানায় আইসক্রিম বানানো শুরু করে তারা। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়েছে। লাকি আইসবারও একই কায়দায় আইসক্রিম বানাচ্ছিল। অভিযানে কারখানার মালিককে পাওয়া যায়নি। এ কারণে তাদের জরিমানা করা হয়নি। তবে কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।