খাওয়ার অনুপযোগী রং, ঘনচিনি, স্যাকারিন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রামে দুটি আইসক্রিম তৈরির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আইসক্রিম উৎপাদনের লাইসেন্স না থাকায় কারখানা দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ডলফিন আইসবার ও চেয়ারম্যান ঘাটা এলাকায় লাকী আইসবার নামের দুটি কারখানায় এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, অভিযানে দুটি কারখানার কর্তৃপক্ষই তাঁদের বলেছে, খাওয়ার উপযোগী রঙের দাম বেশি, আর ঘনচিনি অল্প ব্যবহার করলে বেশি মিষ্টি হয়। কারখানা দুটি আইসক্রিম তৈরি করতে সরাসরি ওয়াসার পানি ব্যবহার করত। এসব কারণে তাদের ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইসক্রিম তৈরির লাইসেন্স না থাকায় পরে কারখানা দুটোকে বন্ধ করে দেওয়া হয়েছে।