ক্ষতিকর রাসায়নিকে তৈরি হচ্ছিল সস জেলি ও ভিনেগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাওয়ার অনুপযোগী রং ও রাসায়নিক মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সস, ভিনেগার ও জেলি উৎপাদনের অপরাধে চট্টগ্রাম নগরের একটি খাদ্য প্রস্তুতকারী কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল কায়সার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল বিকেলে ডবলমুরিং থানার মুহুরিপাড়া এলাকায় ছাতক ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে গিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদন করতে দেখতে পান আদালত। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া খাওয়ার অনুপযোগী রং মিশিয়ে জেলি, সস ইত্যাদি উৎপাদন করছিল বলে জানান বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা সাফায়াত ইসলাম। তিনি জানান, কারখানাটি সিলগালা করার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নগরের দামপাড়া এলাকার কিং কনফেকশনারি নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই অনুমোদিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।