রাঙামাটির নানিয়ারচরে পুড়িয়ে দেওয়া তিনটি আদিবাসী গ্রাম এবং বাঙালিদের ক্ষতিগ্রস্ত আনারস ও সেগুনবাগান আজ রোববার পরিদর্শন করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান জানান, মিজানুর রহমান আজ বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। সেখানে থেকে সড়কপথে নানিয়ারচর আসবেন। তিনি ক্ষতিগ্রস্ত আদিবাসী ও বাঙালিদের সঙ্গে কথা বলবেন।
এদিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাঙালিদের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নানিয়ারচর ভূমি উদ্ধার আন্দোলন পরিষদের ডাকা এই কর্মসূচিতে সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা জানান, শনিবার রাঙামাটিতে হাটের দিন। অবরোধের কারণে সড়কের পাশে থাকা কৃষক ও ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য নিয়ে শহরে আসতে পারেননি।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, অবরোধে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১৫ ডিসেম্বর রাতে নানিয়ারচরের বগাছড়ি এলাকায় দুর্বৃত্তরা বাঙালিদের মালিকানাধীন বাগানের চার লাখ আনারস গাছ ও ২২ হাজার সেগুনগাছের চারা নষ্ট করে। পরদিন তিনটি আদিবাসী গ্রামে হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় ৫৪টি বসতবাড়ি ও সাতটি দোকান। ভাঙচুর করা হয় একটি বৌদ্ধ মন্দির।