ক্ষতিপূরণ চেয়ে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগে চট্টগ্রামে দুই চিকিৎসকের বিরুদ্ধে কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন এক রোগী। তাঁরা হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক বিধান চন্দ্র রায় এবং তাঁর ছেলে বিনিময় রায়।
গতকাল সোমবার মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে মামলাটি করেন শফিউল আজম। তিনি হাজারী লেইনে আজমির মেডিকেল স্টোর নামে একটি ওষুধের দোকানের মালিক। আদালত নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী ইফতেখার মহসিন।
মামলার বিবরণে জানা গেছে, শফিউল আজম ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পায়ের চিকিৎসার জন্য বিধান চন্দ্র রায়ের ব্যক্তিগত চেম্বারে যান। এরপর বিধান চন্দ্র রায় ও তাঁর ছেলে বিনিময় রায় মিলে গত বছর তাঁর পায়ে অস্ত্রোপচার করেন। কিন্তু তার পরও সংক্রমণ বন্ধ হয়নি।
শফিউল বলেন, ‘অপারেশনের পর স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারি না। বিধান রায় ও তাঁর ছেলের কারণে আজ আমি পঙ্গু হওয়ার পথে। তাই এই মামলা করেছি।’