মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মুন্দাইল খাল পুনঃখনন প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। খননকাজের দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও মেহেরপুর কার্যালয়ের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি।
মেহেরপুর এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, পানি নিষ্কাশন ও সংরক্ষণ, মাছের চাষ, কৃষিকাজে সেচের সুবিধাসহ নানা সুবিধা পেতে ২০১৬-১৭ অর্থবছরে মুন্দাইল খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়। ৫ দশমিক ৬ কিলোমিটার খাল খননে বরাদ্দ দেওয়া হয় ৪২ লাখ ১০ হাজার টাকা। প্রকল্পে অর্থায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি)। গত বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু করে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। খাল খননের সময় আশপাশের বাসিন্দাদের গাছপালা কাটা হয়। প্রকল্পের শর্ত অনুযায়ী তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা।
মুন্দাইল খালপাড়ের কয়েকজন বাসিন্দা বলেন, কাজ শুরুর কয়েক মাস পর অনিয়মের অভিযোগে খননকাজ বন্ধ হয়ে গিয়েছিল। এ বছরের ফেব্রুয়ারিতে যেনতেনভাবে কাজ শেষ করে টাকা তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি এবং ক্ষতিপূরণ প্রদানে টালবাহানা করা হয়েছে। যে পরিমাণ ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। ওই টাকা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নেতাদের পকেটে গেছে।
মুন্দাইল খালপাড়ের বাসিন্দা বুলবুল আহমেদ বলেন, তিন দফা তালিকা তৈরি করা হয়েছে। ৩০ জন ক্ষতিগ্রস্তের কাছ থেকে অফিস খরচের নাম করে বরাদ্দ টাকার অর্ধেক কেটে নেওয়া হয়েছে। খালপাড়ে তাঁর আম, জাম, কাঁঠাল, নিমগাছ ও কলাবাগান কাটা পড়েছে। কিছু জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তাঁর নামে ৬৫ হাজার টাকা বরাদ্দ হলেও পেয়েছেন ৩২ হাজার ৫০০ টাকা।
একই গ্রামের আবদুল করিম বলেন, তাঁর নামে ১৪ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু তিনি পেয়েছেন ৭ হাজার টাকা।
পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ছিলেন স্থানীয় বাসিন্দা হেদায়েত উল্লাহ বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, প্রথম পর্যায়ে ২০০ জন ক্ষতিগ্রস্তের নামের তালিকা তৈরি করা হয়েছিল। এলজিইডি কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে ৬০ জনকে বাদ দেয়। এরপর বিদেশি দাতা সংস্থার নিয়োগ করা এনজিও ও সমিতির নেতারা তালিকা চূড়ান্ত করে, যাতে ৩০ জনের নাম ছিল। ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ ৩৫ হাজার ১৮৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বরাদ্দ অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা টাকা পেয়েছেন।
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার বলেন, নির্ধারিত নকশা মেনে এ বছর খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এখানে কোনো প্রকার অনিয়ম করা হয়নি। কোনো দুর্নীতি হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।