উত্তরা ফ্ল্যাট প্রকল্প থেকে বাদ পড়ার পর এখন রাজউককে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে না সরকারদলীয় সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান। এনামুল হকের ঠিকাদারি প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ ও অংশীদার দুটি কোম্পানির কাছে রাজউকের পাওনা প্রায় ১৭৯ কোটি টাকা।
চুক্তি অনুযায়ী, কাজ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। এনা কাজ পেয়েও করতে পারেনি। ফলে চুক্তি বাতিল হয়ে যায়। কিন্তু সরকারদলীয় সাংসদের প্রতিষ্ঠান হওয়ায় কাজ ফিরে পেতে সমঝোতার নামে রাজউকের ওপর প্রভাব খাটাচ্ছে এনা। ক্ষতিপূরণের টাকা না দিয়ে রাজউকের বিরুদ্ধে মামলাও ঠুকেছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সূত্রমতে, স্বল্প ও মধ্যবিত্তদের জন্য গৃহীত এই ফ্ল্যাট প্রকল্পকে অনিশ্চয়তার মুখে ঠিলে দিয়েছে এনামুল হকের প্রতিষ্ঠান। গত এপ্রিলে মালয়েশিয়া সরকারের সহায়তায় প্রকল্পে ১০০ অ্যাপার্টমেন্ট নির্মাণের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চুক্তিই হয়নি। ফলে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়ছে। এরই মধ্যে প্রকল্পে গ্রাহকদের প্রায় সাড়ে পাঁচ শ কোটি টাকা আটকা পড়ে আছে।
রাজউকের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী, এনা প্রপার্টিজ ও অংশীদার ঠিকাদারি কোম্পানি কোরিয়ার ডুঙ্গা ও ডিজিজে কনস্ট্রাকশন ফার্ম আগেই রাজউকের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকার বিল তুলে নিয়েছে। রাজউকের কয়েকজন কর্মকর্তা বলেছেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জেনেশুনে রাজউকের ক্ষতি করছেন। তিনি সমঝোতার নামে ঠিকাদারদের জরিমানা মাফ করে দেওয়ার পক্ষে কথা বলছেন।
যোগাযোগ করা হলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আমি কেন মাফ করে দেব? পাগল নাকি? আমি বলেছি, তারা যতটুকু কাজ করেছে সে পরিমাণ বিল পরিশোধ করা হয়েছে কি না, তা দেখতে।’ প্লট গ্রহীতাদের স্বার্থে প্রকল্পটি যাতে এগিয়ে যায়, সে জন্য তিনি সমঝোতার কথা বলেছেন বলে জানান।
মামলার পর মামলা: কাজের অগ্রগতি না হওয়ায় এনা-ডুঙ্গা, এনা-ডিজিজের সঙ্গে রাজউকের চুক্তি বাতিল হয় গত ৩ মার্চ। কাজ হওয়ার কথা ছিল ৬০ শতাংশ, হয়েছে মাত্র সাড়ে ৪ শতাংশ। এনা ব্যাংক নিশ্চয়তার টাকা নগদায়ন না করার বিষয়ে নিম্ন আদালতে মামলা করে পক্ষে রায় পায়। পরে রাজউক উচ্চ আদালতে আপিল করলে আদালত রাজউকের পক্ষে রায় দেন। এরপর রাজউক এনা প্রপার্টিজের সংশ্লিষ্ট ব্যাংক আইএফআইসি ও প্রাইম ব্যাংকের কাছে ব্যাংক নিশ্চয়তার নগদায়নের তাগিদ দিয়ে চিঠিও পাঠায়। এরপর এনা প্রপার্টিজ চেম্বার জজ আদালতে আপিল করে এ বিষয়ে স্থগিতাদেশ পায়।
জানতে চাইলে এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক প্রথম আলোকে বলেন, তিনি সংগত কারণেই আপিল আবেদন করেন এবং আদালত স্থগিতাদেশ দেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আইনগত ভিত্তি এখন রাজউকের নেই।
রাজউক বলছে, আদালত এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিেলন, যার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন শুনানির জন্য অপেক্ষা করা হচ্ছে।
ব্যাংক নিশ্চয়তাবিষয়ক মামলা ছাড়াও গত মার্চেই এনা প্রপার্টিজ চুক্তি বাতিলের বিষয়ে রাজউকের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে। এর শুনানি এখনো হয়নি।
ক্ষতিপূরণ নির্ধারণ কীভাবে: রাজউকের নথি থেকে জানা যায়, ২০১২ সালের ফেব্রুয়ারিতে উত্তরার এই প্রকল্পের ‘এ’ ব্লকের ১৫টি লটের (প্রতি লটে ১৬ তলার দুটি ভবন) কাজ নিয়েছিল এনা প্রপার্টিজ ও এর অংশীদার কোম্পানি দুটি। সাংসদ হলে সরকারের সঙ্গে ব্যবসা করা বেআইনি হলেও এনামুল হকের প্রতিষ্ঠান এই কাজ পায়। প্রকল্প ব্যয় নির্ধারিত হয় প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা। চুক্তির একটি শর্ত ছিল, নির্ধারিত সময়ে কাজের অগ্রগতি না হলে চুক্তি বাতিলের পর অসম্পাদিত কাজের মূল্যের ওপর ২০ শতাংশ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। সে অনুযায়ী, এনা-ডুঙ্গার কাছে ক্ষতিপূরণের পরিমাণ ১৩৫ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৭৪ টাকা। আর এনা-ডিজিজের কাছে ৪৩ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৯৭৯ টাকা। মোট ১৭৮ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ৪১৭ টাকা।
এ ছাড়া ব্যাংক নিশ্চয়তার মোট পরিমাণ ৯১ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৬০২ টাকা। এর মধ্যে এনা-ডুঙ্গার ৭০ কোটি আট লাখ সাত হাজার ৮৮৩ টাকা এবং এনা-ডিজিজের ২১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৭১৯ টাকা।
রাজউক বলছে, আগে প্রকল্পের বাজেট ছিল ২০০৯ সালের বাজার দর অনুযায়ী। এখন প্রকল্পের কাজ হবে ২০১৩ সালের বাজার দর অনুসরণ করে। খরচ বাড়বে প্রায় ৩০ শতাংশ। ক্ষতিপূণের টাকা পেলে তার সঙ্গে সমন্বয় করা যাবে।
গ্রাহকেরা হতাশায়: ‘আমাদের ফ্ল্যাটের খবর কী, বন্ধ কাজ কবে চালু হবে ভাই’—গত মঙ্গলবার রাজউক ভবনের বর্ধিত ভবনে উত্তরা অ্যাপার্টমেন্টের প্রকল্প কার্যালয়ে গিয়ে এমন প্রশ্ন করেন খুলনা থেকে আসা একজন গ্রাহক আবদুর রহিম। তাঁর সঙ্গে ছিলেন যশোরের মনোয়ার হেসেন, ফেনীর বরকত উল্লাহ, কুমিল্লার দীন মোহাম্মদ। সবারই এক প্রশ্ন। উপস্থিত কর্মকর্তারা তাঁদের কোনো সদুত্তর দিতে পারেননি। এই গ্রাহকেরা উত্তরায় প্রকল্প এলাকা ঘুরে এসেছেন বলে জানান।
খুলনার আবদুর রহিম প্রথম আলোকে বলেন, তাঁর গ্রামের বাড়ির ফসিল জমি বিক্রি করে তিনি রাজউককে এ পর্যন্ত নয় লাখ ৭১ হাজার টাকা দিয়েছেন।
জনতা ব্যাংক রাজউক শাখায় নিয়মিত ধরনা দিচ্ছেন অনেক গ্রাহক। তাঁরা খবর নিচ্ছেন, জামানতের টাকা ফেরত পাওয়া যায় কী উপায়ে। সেখানে দেখা ফরিদপুরের আবদুল হালিমের সঙ্গে। তিনি বলেন, রাজউকের বিভিন্ন প্লট প্রকল্পে বারবার আবেদন করে প্লট পাননি। প্রায় আড়াই বছর আগে এ প্রকল্পে ফ্ল্যাট পেয়ে স্বস্তি পেয়েছিলেন। কিন্তু এখন অস্বস্তি তাঁর সঙ্গ ছাড়ছে না।
২০১৬ সালের ডিসেম্বরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত মূল কাজই শুরু হলো না। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার পর্যন্ত ৬৮৮ জন গ্রাহক তাঁদের জামানত ও প্রথম কিস্তির টাকা তুলে নিয়েছেন।
প্রকল্প এলাকা এখন: গত বুধবার দুপুরে উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লক এলাকায় গিয়ে দেখা যায়, ১৬তলা উঁচু দুটি ভবনের নির্মাণকাজ চলছে। তবে সেগুলো এনার নয়। অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আনাম ট্রেডার্স এ দুটি ভবন নির্মাণ করছে। রাজউক সূত্র জানায়, অনেক পরে কাজ পেয়েও মাত্র দুটি ভবনের ঠিকাদার আনাম ট্রেডার্স ২০ শতাংশ কাজ শেষ করে ফেলেছে।
এনা-ডুঙ্গার ১ থেকে ১০ নম্বর এবং এনা-ডিজিজের ১১ থেকে ১৫ নম্বর লট এলাকায় কিছু লোহার খাঁচা, আবর্জনা আর টুকরো পাথর পড়ে থাকতে দেখা গেছে। তাদের প্রকল্প কার্যালয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী না থাকলেও কিছু আনসার সদস্য মোতায়েন আছেন।