আবাসিক হলে চুরির ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা। তবে ১৫ মিনিটের মাথায় তালা ভেঙে ফেলে পুলিশ। এই ঘটনায় ছয় কর্মীকে ২২ দিনের জন্য সংগঠনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে শাহজালাল হলে চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গতকাল বেলা একটার দিকে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বেলা সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে পুলিশ তালা ভেঙে ফেলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতে বিভিন্ন হলে আসা-যাওয়া করেন। এ কারণে কে আসছেন আর কে যাচ্ছেন, সেই হিসাব রাখতে নিরাপত্তা কর্মীদের কষ্ট হয়। ছাত্রলীগের কর্মীরা সহযোগিতা না করলে চুরির ঘটনা বন্ধ করা সম্ভব নয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘হলে চুরির ঘটনায় আমাদের কিছুসংখ্যক কর্মী মূল ফটকে তালা ঝোলায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিমুল বিশ্বাস, সাজিদুল কবির, ফাহিম হোসেন, ইমরান খান, আতাউর রহমান ও ইমাম হোসেনকে ২২ দিনের জন্য সংগঠনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’