ক্ষতিপূরণের নামে টাকা তুলে ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিপূরণের নামে চাঁদাবাজি এবং সেই টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্রলীগের নেতার বিরুদ্ধে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শনিবার মধ্যরাতে সিএনজিচালিত একটি অটোরিকশা আটকে এর মালিকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে জানিয়েছে ছাত্রলীগেরই একটি অংশ। এ ছাড়া প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি এ বিষয়টি নিশ্চিত করেছে। হল শাখা ছাত্রলীগের সভাপতিও একজনের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, রাতে একটি অটোরিকশা বুয়েটের দিকে যাওয়ার পথে পলাশী মোড়ের কাছে রাখা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। তখন আশপাশে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা অটোরিকশাটি আটক করে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। অন্য শিক্ষার্থীরা জানান, অটোরিকশার আঘাতে মোটরসাইকেলের কোনো ক্ষতি হয়নি।
ক্ষতিপূরণের কথা বলেচালককে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়। দর্শন বিভাগের সাবেক ছাত্র ও সাবেক ছাত্রলীগের নেতা সৈয়দ আশিকুজ্জামানের নেতৃত্বে এই কাজে এসএম হল শাখা ছাত্রলীগের দুজন সহসভাপতি, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদকসহ ১৫-২০ জন ছিলেন। এঁদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক—উভয়ের অনুসারীই ছিলেন।
জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অভিযুক্ত আশিকুজ্জামানের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।