ক্ষমতার অপব্যবহার, শিক্ষকের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবুর রহমানকে একটি শিক্ষাবর্ষের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ বছরের জন্য শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা সফরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে ফিশারিজ বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের সভাপতি মুহম্মদ আফজাল হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, মাহাবুবুর রহমান তাঁর ক্ষমতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মধ্যে গ্রুপিং তৈরি করে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন। তাঁর কথা না শুনলে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে শিক্ষাজীবনে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন। শিক্ষার্থীদের নিজের নিয়ন্ত্রণে রাখতে তিনি বিভিন্ন সময় অর্থ প্রদান ও পরীক্ষার আগে প্রশ্ন বলে দেওয়ার প্রলোভনও দেখান। ক্লাসে তাঁর কথার অবাধ্য হলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া, মৌখিক পরীক্ষায় দেখে নেওয়ারও হুমকি দেন তিনি।
এসব অভিযোগ তুলে ২০১৫ সালের ৮ জুলাই ২০১১-১২ শিক্ষাবর্ষের আটজন শিক্ষার্থী বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের অধ্যাপক ইসতিয়াক হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
বিভাগের সভাপতি মুহম্মদ আফজাল হুসাইন বলেন, ‘আজ বিভাগের একাডেমিক কমিটির সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উত্থাপন করা হয়। আলোচনা শেষে ওই শিক্ষককে ২০১১-১২ শিক্ষাবর্ষের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি এবং আগামী ১০ বছর শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাসফরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ওই শিক্ষককে লিখিতভাবে সতর্ক করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।
মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।