ক্ষমতার দম্ভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় এক সাংসদের প্রটোকল কর্মকর্তার বিরুদ্ধে এক বাসচালককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কর্মকর্তা হলেন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদি হাসান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নিরাপত্তার (প্রটোকল) দায়িত্বে ছিলেন। আহত চালকের নাম হানিফ মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী, বাসের তত্ত্বাবধায়ক ও বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, সকালে কসবার কুটিগামী সিয়াম-সায়মন নামের একটি বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকায় দাঁড়িয়ে যাত্রী তুলছিল। ওই সময় স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার চিনাইর এলাকায় যাচ্ছিলেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি থেকে হর্ন দেওয়া হলে বাসের চালক তাৎক্ষণিকভাবে কর্ণপাত করেননি। এএসআই মেহেদী হাসান তখন গাড়ি থেকে নেমে বাসের চালক হানিফ মিয়ার ওপর অতর্কিতে হামলা চালান। বেদম পিটুনিতে মাথায় তীব্র আঘাতপ্রাপ্ত হন চালক। সাংসদ এ সময় পেছনে নিজের গাড়িতে বসে ছিলেন। তারপর পুলিশ ও সাংসদের গাড়ি ওই এলাকা ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর ছড়িয়ে পড়লে পরিবহন মালিক সমিতির শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ওই এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
অভিযোগ প্রসঙ্গে এএসআই মেহেদি হাসান বলেন, ‘এমপি স্যারের নিরাপত্তার দায়িত্বে ছিলাম। রাস্তার মাঝে থাকা ওই পরিবহন সরাতে গেলে গ্লাসে একটা বাড়ি দিয়েছিলাম। তবে সে আহত হয়নি। আর আমি ওই চালককে উদ্দেশ করে আঘাত করিনি।’
এ ব্যাপারে জানতে সাংসদকে ফোন করলে তিনি এই প্রতিবেদককে ‘ইডিয়ট’ বলে গালি দেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, বাসচালককে মারধরের ঘটনায় এএসআই মেহেদীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।