নারায়ণগঞ্জ নগরের পাকইপাড়ার আদর্শ বালিকা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে ক্ষমতার দাপটে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদ থেকে বহিষ্কার করার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক ও শিক্ষক বলেন, আদর্শ বালিকা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে আছেন সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম ওরফে বাবু। শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ভবন নির্মাণের কার্যাদেশ পেয়ে কাজ করছে আকবর অ্যান্ড সন্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এর নেপথ্যে রয়েছেন আব্দুল করিম। এ ভবন নির্মাণের জন্য ১ কোটি ৬৬ লাখ টাকা নির্মাণ ব্যয় ধরা হয়। এর মধ্যে এক কোটি টাকা প্রতিষ্ঠানের তহবিল থেকে দেওয়ার কথা। বাকি টাকা দান হিসেবে সংগ্রহ করা হবে বলে পরিচালনা পর্ষদের কার্যবিবরণীতে (রেজল্যুশন) লেখা আছে। ইতিমধ্যে ভবন নির্মাণ বাবদ প্রথম দফায় ৪০ লাখ ও দ্বিতীয় দফায় ৫০ লাখ টাকার বিল নেন আব্দুল করিম। এখনো পুরো ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। গত ১৮ জানুয়ারি নির্মাণকাজ সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানের তহবিল থেকে আব্দুল করিম ৫০ লাখ টাকা ধার নিতে চাইলে পরিচালনা পর্ষদের সদস্যরা আপত্তি তোলেন। এরপর হুমকি-ধমকি দিয়ে তিনি বিষয়টির অনুমোদন করান। ওই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোয়ারা বেগম প্রতিবাদ জানান। এর জের ধরে গত ১৭ মে মনোয়ারা বেগমকে পদ থেকে বহিষ্কার করেন আব্দুল করিম। পরে স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহনাজ আক্তার জলি বলেন, ‘আমরা নির্বাচিত অভিভাবক কমিটির সদস্য। কিন্তু আব্দুল করিম ভয়ভীতি দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে পরিচালনা পর্ষদের সভাপতি হন। এরপর থেকেই তিনি স্বেচ্ছাচারিতা ও অনিয়ম শুরু করেন। আমরা এসবের প্রতিবাদ করায় আমাদের বিভিন্ন সময় গালাগাল করেছেন তিনি। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই অন্যায়ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোয়ারা বেগমকে বহিষ্কার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আব্দুল করিমের কথার বিরুদ্ধে কেউ কিছু বললে তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দেন তিনি। আমরা শিক্ষার স্বার্থে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
মনোয়ারা বেগম বলেন, ‘প্রতিষ্ঠানটি আমি সুনামের সঙ্গে পরিচালনা করে আসছি। পরিচালনা পর্ষদের অনৈতিক কাজে সম্মতি না দেওয়ায় এবং প্রতিষ্ঠান থেকে নেওয়া টাকা ফেরত চাওয়ায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে প্রভাব খাটিয়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
জানতে চাইলে আব্দুল করিম বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোয়ারা বেগম বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীসহ কোনো দিবস পালন করতেন না। তিনি প্রায়ই কলেজে অনুপস্থিত থাকতেন। এ কারণে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ টাকা ধার নেওয়ার বিষয়ে তিনি বলেন, ঠিকাদারকে দেওয়ার জন্য এই টাকা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাঁচতলা ভবনের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন তাঁরা।’
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, ‘ওই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচালনা পর্ষদের সভাপতির পরিবর্তন চেয়ে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করেছেন। একই সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন দাখিল করেছেন। অনেক আগে এসব আবেদন করা হলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনার জন্য অপেক্ষা করতে হচ্ছে।’