ক্ষমতাসীন দলের দুই নেতার নামে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে পৃথক চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। গত রোববার রাতে ফরিদপুরের কোতোয়ালি থানায় এ মামলা দুটি করেন শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও শহরের লক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা ঠিকাদার সালেহ আহমেদ।
সাজ্জাদ হোসেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া ওরফে বাবুর বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। এজাহারে বলা হয়, ফরিদপুর সরকারি তিতুমীর বাজারের নির্মাণকাজ পাইয়ে দেওয়ার জন্য মোকাররম তাঁর কাছে ৪০ লাখ টাকা চাঁদা চান। তিনি ২০ লাখ টাকা দিতে বাধ্য হন।
এ ছাড়া ঠিকাদার সালেহ আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) সত্যজিৎ মুখার্জীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।
তবে অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সত্যজিৎ মুখার্জী বলেন, ‘সালেহ আহমেদ নামের কাউকে আমি চিনি না। জীবনে ঠিকাদারির ধারে-কাছেও যাইনি। কারা ঠিকাদারি নিয়ে গুটিবাজি করে ফরিদপুরবাসী তাদের ভালোভাবেই চেনে।’ মোকাররম মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।