ক্ষমতাসীন দলের দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাজারে এসে অবস্থান নেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি টোকেন চৌধুরীর অনুগত উজ্জ্বলের লোকজন মিছিলের সামনে আসে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে লাঠিপেটা করে। একপর্যায়ে পুলিশ ১০টি ফাঁকা গুলিও ছোড়ে। এতে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নিয়াত (৫৮), জলিমদ্দিন (৩৮), লিটনসহ (২৫) চারজনকে আটক করে পুলিশ থানায় নেয়।
টোকেন চৌধুরী বলেন, কাদের দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ ও সাবরেজিস্ট্রি কার্যালয় দখল করে নানা অপকর্ম চালাচ্ছেন। সরকারি কর্মকর্তাসহ সাধারণ জনগণ তাঁর অত্যাচারে অতিষ্ঠ।
আবদুল কাদের মুঠোফোনে বলেন, টোকেন চৌধুরীর লোকজনই উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাকে নানাভাবে অত্যাচার করছে।