ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর কবির হোসেন মৃধাকে (৪৩) ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কাজী আরিফ (২৬), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন (২৬), তাঁর ভাই জেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য রফিকুল ইসলাম (৩০), মো. রিয়াজ (২৮)—এই চারজনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এদিকে পুলিশ এই সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন মাহাবুব (২৩), মিজান (২৬) ও ইভান (২৯)।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ছোট বিঘাই ইউনিয়নের তুষখালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক কমিটির নির্বাচনের দিন আজ সোমবার। এদিকে এই নির্বাচনে স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষ থেকে দুটি প্যানেল দেওয়া হয়।

আহত জেলা যুবলীগের সদস্য এবং বর্তমান বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম জানান, তাঁদের পক্ষ থেকে নির্বাচনে একটি প্যানেল দেওয়া হয়েছে এবং এই প্যানেল সদর থানা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির সমর্থিত। তাদের প্রতিপক্ষ সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সমর্থিত প্যানেল। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় গণসংযোগ চালানো হয়। রাত সাতটার দিকে মিজানুর রহমান তাঁদের নিয়ে গণসংযোগ শেষে ফিরে গেলে প্রতিপক্ষরা তাঁদের ওপর হামলা চালালে তাঁরা আহত হন।

মিজানুর রহমান বলেন, ‘প্রচারণা শেষে ফেরার সময় আমাদের প্যানেলের সমর্থিতদের ওপর হামলা চালানো হয়। প্রতিপক্ষ আবুল কালাম আজাদ-সমর্থিত ব্যক্তিরা এই হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।

তবে আবুল কালাম আজাদ এসব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ‘আসলে আমার সমর্থিত কোনো প্যানেল নেই। আর এ বিষয়টি আমার জানাও নেই।’ তিনি অভিযোগগুলো মিথ্যা অপপ্রচার বলে দাবি করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।