ক্ষমতাসীন নেতাদের অবৈধ স্থাপনা তোলার কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) জমি দখল করে ক্ষমতাসীন দলের নেতাদের অবৈধ স্থাপনা তোলার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা ভূমি প্রশাসন। গত রোববার দুপুরে উপজেলার লালুয়ার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবু জাফর কাজ বন্ধ করে দেন।
স্থানীয় ভূমি কার্যালয় জানায়, গত মে মাসে ছোট বালিয়াতলী মৌজার ১৪ নম্বর খতিয়ানের বালিয়াতলী ইউপির জমিতে পাকা স্থাপনা তোলার কাজ শুরু করেন বালিয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালাম হাওলাদার, তাঁর ভাই কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি মো. জিয়াউর রহমান ও কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিরা। এ নিয়ে প্রথম আলোসহ একাধিক সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেওয়া হয়। ওই জমির পাশে গত শুক্রবার থেকে ইউনিয়ন পরিষদের সরকারি জমিতে নতুন করে পাকা স্থাপনা তোলার কাজ শুরু করেন উপজেলা যুবলীগের সহসভাপতি আসলাম হাওলাদার ও ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোলায়মান মৃধা।
রোববার ওই দুটি স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দেয় ভূমি প্রশাসন।