ক্ষমতাসীনদের দ্বন্দ্বে খেয়া পারাপার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও আওয়ামী লীগ-সমর্থক মো. সেলিমের মধ্যে বিরোধের জের ধরে গত শনিবার রাত থেকে ব্রহ্মপুত্র নদের কাছারি ঘাট এলাকায় খেয়া পারাপার বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের লোকজন।
কাছারি ঘাট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আনুমানিক তিন মাস আগে ব্রহ্মপুত্র নদের কাছারি ঘাট এলাকা থেকে বালু উত্তোলন নিয়ে মামুনের সঙ্গে চর ঈশ্বরদিয়া পশ্চিম পাড়া গ্রামের সেলিমের সমর্থকদের সংঘর্ষ হয়। এর জের ধরে তখন চার দিন ওই ঘাটে খেয়া পারাপার বন্ধ ছিল। পরে পুলিশের সহায়তা খেয়া চালু হয়। শনিবার রাতে দুই পক্ষের কর্মীদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সেলিমের পক্ষের লোকজন এসে খেয়া পারাপার বন্ধ করে দেন। ওই ঘাটের একজন ইজারাদার বলেন, গত রোববার নুরু মিয়া নামের অপর একজন ইজারাদার এক মাঝিকে নিয়ে মানুষ পারাপারের জন্য একটি খেয়ানৌকা শহরের ওপারে যান। কিন্তু এ সময় সেলিমের লোকজন তাঁদের মারধর করে।’
মারধরের অভিযোগ অস্বীকার করে সেলিম বলেন, ‘শনিবার রাতে আবদুল্লাহ আল মামুনের লোকেরা আমাদের চরের এক জেলেকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে মাঝিরাই ভয়ে নৌকা চালানো বন্ধ করে দেয়।’