ক্ষমতাসীনদের দ্বন্দ্বে নিঃস্ব সেলুন মালিক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় একটি সেলুনে পৌরসভার মেয়র আসেন বলে গত সোমবার সেটি ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে সেলুনের মালিক বাদল প্রামাণিক এখন নিঃস্ব।
বাদল প্রামাণিক বলেন, কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় এক হাজার টাকা ভাড়ায় সেলুনের দোকান দিয়েছেন। ১৫ বছর ধরে ওই দোকানের আয় দিয়ে তাঁর সংসার চলছে। কিন্তু সোমবার রাতে একদল সন্ত্রাসী তাঁর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। সন্ত্রাসীরা কালীগঞ্জ পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানকে মারতে এসেছিল। তাঁকে না পেয়ে প্রথমে মেয়রের কার্যালয় ভাঙচুর করে। মেয়র তাঁর সেলুনে আসেন—এই অপরাধে সেলুনও ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। টাকার অভাবে নতুন করে মালামাল কিনতে পারছেন না। এ ব্যাপারে কোথাও বিচার চাইতেও ভয় পাচ্ছেন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, তাঁদের দলের মধ্যে কোন্দল আছে। ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী হামলা চালিয়ে তাঁর কার্যালয়, কার্যালয়ের সামনে থাকা দলীয় কর্মীদের দুটি মোটরসাইকেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং বাদলের সেলুন ভাঙচুর করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন দাবি করেন, ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নন। কিছু উচ্ছৃঙ্খল যুবক এই ঘটনার সঙ্গে জড়িত।