ক্ষমতাসীনদের হাতে ভূমি কর্মকর্তা লাঞ্ছিত
আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হাতে শ্যামনগর উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. মনিরুজ্জামান লাঞ্ছিত হয়েছেন। এ সময় সেটেলমেন্ট অফিসের পর্দা ছিঁড়ে ফেলা ছাড়াও ভাঙচুর করার চেষ্টা চালানো হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সেটেলমেন্ট অফিসে এসব ঘটনা ঘটে।
সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পুলিশ পাহারায় সেটেলমেন্ট কর্মকর্তা শ্যামনগর ত্যাগ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, শ্যামনগরের মুন্সিগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে ওই মৌজার রেকর্ডের বিষয়ে চূড়ান্ত শুনানি চলছে। মুন্সিগঞ্জ গ্রামের আশরাফ হোসেন স্থানীয় সাংসদ এস এম জগলুল হায়দার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুজ্জামানের কাছে অভিযোগ করেন, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মনিরুজ্জামান তাঁর কথা না শুনে তাঁর জমি অন্যের নামে অন্যায়ভাবে রেকর্ড করে দিচ্ছেন।
অভিযোগ পাওয়ার পর আনিছুজ্জামান গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নেতা-কর্মীদের নিয়ে মনিরুজ্জামানের কাছে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মীরা মনিরুজ্জামানের বিরুদ্ধে অশালীন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা মনিরকে মারতে উদ্যত হলে তিনি পাশের কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। উত্তেজিত নেতা-কর্মী ও সমর্থকেরা অফিসের দরজা, জানালার পর্দা ছিঁড়ে ফেলেন এবং দরজায় লাথি মারেন। এভাবে আধা ঘণ্টা চলার পর ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম সেখানে পৌঁছে পুলিশসহ আওয়ামী লীগের নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে নেতা-কর্মী ও সমর্থকেরা সেটেলমেন্ট কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আবার স্লোগান দিয়ে উপজেলা পরিষদ এলাকায় মিছিল বের করেন।
এ ব্যাপারে সেটেলমেন্ট কর্মকর্তা মনিরুজ্জামানের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি।
আওয়ামী লীগের নেতা আনিছুজ্জামান জানান, মনিরুজ্জামানকে কেউ মারধর করেননি। তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। টাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না। মানুষ অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে জুতামিছিল ও তাঁর কার্যালয় ঘেরাও করেন। পরে তিনি ও ইউএনও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম জানান, মনিরুজ্জামানকে কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। তবে তাঁর ওপর চড়াও হয়েছিলেন সাধারণ মানুষ। তাঁরা অফিসের দরজায় লাথি মারেন। পরে ঘটনাস্থল থেকে তাঁকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অনিময় ও দুর্নীতির অভিযোগের বিষয়সহ গতকালের ঘটনা তিনি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।