ক্ষুদ্র জাতিসত্তার চারটিসহ ১১ ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে দুর্বৃত্তরা গত সোমবার সন্ধ্যায় ক্ষুদ্র জাতিসত্তার চারজনের ঘরসহ ১১ জনের ঘর গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা একজনের রান্নাঘর ও একজনের খড়ের গাদায়ও অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার খবর পেয়ে সোমবার রাতেই ঘটনাস্থলে যান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে জগন্নাথপুর গ্রামের কোহিনুর বেগম বাদী হয়ে ১২ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জগন্নাথপুর মৌজায় ২৯ খতিয়ানভুক্ত ২৮ নম্বর দাগের এক একর জমি রয়েছে। ওই জমিকে খাসজমি মনে করে ওই মৌজায় সাইদুর রহমান, মহেন সরেন, ঢেনা মার্ডি, রবিন হাসদা, জামিন হেমব্রমসহ ১১ ব্যক্তি টিনের চালা ও খড়ের ঘর তুলে গত শুক্রবার থেকে বসবাস করছেন। ১০-১২ জন লোক লাঠিসোঁটা, তির, বল্লম হাতে সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের অস্থায়ী ঘরবাড়িতে হামলা চালায়। এ সময় সেখানে অবস্থানরত লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সুযোগে দুর্বৃত্তরা নতুন ঘরগুলো গুঁড়িয়ে দিয়ে ধনু বেচারাররান্নাঘর ও আবদুল জলিল ব্যাপারীর খড়ের গাদায় আগুন দেয়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রায় ১১টি ঘর পড়ে আছে। ঘটনাস্থল থেকে দেড় শ গজ পূর্বে ক্ষুদ্র জাতিসত্তার লোকজনসহ অন্য ক্ষতিগ্রস্ত লোকদের ঘরবাড়ি রয়েছে। সেখানে দেখা যায়, ধনু বেচারাররান্নাঘরের আংশিক ও জলিলের খড়ের গাদা পুড়ে গেছে। এ সময় ঢেনা মার্ডি ও জলিল ব্যাপারী বলেন, ‘আমরা খাসজমি মনে করে সেখানে ঘরবাড়ি তৈরি করি। ওই জমি পাওয়ার জন্য আমরা বিভিন্ন দপ্তরে আবেদনও করেছি। কিন্তু সোমবার সন্ধ্যায় কিছু দুর্বৃত্ত তা গুঁড়িয়ে দেয়।’
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই লোকজন যে জমিকে খাসজমি মনে করে ঘরবাড়ি তৈরি করেছেন, সেই জমির মালিক দিনাজপুর চাউলিয়াপট্টির তারিকুল ইসলাম এবং দিনাজপুরের ঘাসিপাড়ার একরামুল হক। এ ব্যাপারে তারিকুল গতকাল বেলা দুইটায় মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘আমি ও আমার মেয়ের জামাই একরামুল ২০০৬ ও ২০০৮ সালে পৃথক সাবকবলা দলিলমূলে ১ দশমিক ৬৯ একর জমি ক্রয় করে সেখানে ফলের গাছ রোপণ করে ভোগদখল করছি। আমার আত্মীয় মারফত আলীকে ওই জমি দেখাশোনার দায়িত্ব দিয়েছি। আমার আমবাগানে অবৈধভাবে ঘরবাড়ি তৈরি করায় আমি গত শনিবার থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করি।’
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ গতকাল দুপুরে ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘এ ঘটনায় জমিসংক্রান্ত বিরোধের জের ছাড়া অন্য কোনো ইস্যু নেই। ধনু বেচারার রান্নাঘরের আংশিক ও জলিল ব্যাপারীর খড়ের গাদায় অগ্নিসংযোগের বিষয়টি পরিষ্কার হচ্ছে না। তবে মূল ঘটনা উদ্ঘাটনে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।’