ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের বিক্ষোভ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়নের ব্যানারে শহরের চৌরাস্তায় এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষাবিদ মনতোষ কুমার দে, সাংবাদিক আবদুল লতিফ, মো. আসাদুজ্জামান, আদিবাসী কল্যাণ সমিতি পঞ্চগড় জেলার সভাপতি রহনী কান্তা মারডী, রানীশংকৈল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির দপ্তর সম্পাদক মিলন মুরমু, বাংলাদেশ সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়নের ঠাকুরগাঁও জেলার সভাপতি বাঁধন সরেন, সাধারণ সম্পাদক মধু মুরমু প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার নিন্দা জানিয়ে সাঁওতালদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এর আগে শহরের মন্দিরপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়।