বগুড়া রেলস্টেশন এলাকায় গতকাল সোমবার রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা ও দোকানপাটের কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হলো।
শহরের রেলগেট থেকে চেলোপাড়া পর্যন্ত রেলওয়ের জমিতে কয়েক শ স্থাপনা উচ্ছেদ না করায় একে ‘লোক দেখানো অভিযান’ বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।
রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের বগুড়ার কানুনগো মোকাররম হোসেনের ভাষ্যমতে, গত রোববার বগুড়া রেলস্টেশন এলাকায় দুটি আন্তনগর ট্রেন একই লাইনে উঠে পড়ায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায়। সংশ্লিষ্ট ট্রেনের চালক দাবি করছেন, অবৈধ স্থাপনার কারণে তিনি ‘সিগন্যাল’ দেখতে পাননি। এ ঘটনার পরপরই গতকাল উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, স্থায়ী স্থাপনার অধিকাংশই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা প্রভাবশালী মহলের। রেললাইনের দুই পাশে বিপৎসীমার মধ্যেই মার্কেট ও দোকানঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মহলটি। রেলওয়ের একশ্রেণির কর্মকর্তা ওই টাকার ভাগ পাচ্ছেন। এ ছাড়া স্টেশনসংলগ্ন রেললাইনের ওপরই পসরা সাজিয়ে বসছেন হকাররা। এতে সারা বছরই অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়, গতকাল উচ্ছেদ অভিযানে বগুড়া রেলস্টেশন থেকে ফতেহ আলী বাজার পর্যন্ত রেললাইনের ওপর বসা ভাসমান দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে রেললাইনের দুই পাশে বিপৎসীমার মধ্যে এখনো রয়ে গেছে অসংখ্য অবৈধ স্থাপনা। শহরের কামারগাড়ি রেলগেট এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে রেললাইন ঘেঁষে এখনো রয়ে গেছে প্রভাবশালীদের অবৈধভাবে নির্মাণ করা মার্কেট। তা ছাড়া রেললাইনের ওপর বসা ভাসমান মার্কেট সকালে উচ্ছেদ করা হলেও বিকেলেই আবার আগের মতো পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ রকমই একটি ভাসমান দোকানের নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার অভিযোগ করেন, ঈদের আগে কোনো নোটিশ ছাড়াই কয়েক ঘণ্টার মাইকিংয়ে গরিব দোকানিদের উচ্ছেদ করেন রেলওয়ের কর্মকর্তারা। অথচ প্রভাবশালীদের স্থাপনা থেকেই যায়।
আফজাল শেখ নামের এক দোকানি বলেন, ‘ঝুঁকিপূর্ণ রেললাইনের ওপর দোকান নিয়ে আমরা বসতে চাই না। সারা দিনের রোজগারে আমাদের সংসার চলে। আমরা ব্যবসা করার জায়গা চাই, পুনর্বাসন চাই। অথচ পুনর্বাসন না করে উচ্ছেদের নামে আমাদের পেটে লাথি মারা হচ্ছে।’
অভিযানে নেতৃত্বদানকারী রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা এবং ডেপুটি কমিশনার (রেলওয়ে ও ভূমি) মো. অহিদুন্নবী দাবি করেন, গতকালের অভিযানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৬০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর বাইরে রেললাইনের দুই পাশে যেসব স্থাপনা এখনো রয়ে গেছে, সেগুলোর জায়গা রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়া। ফলে আইনগতভাবে সেগুলো বৈধ স্থাপনা। তা ছাড়া এ উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। রেললাইনের দুই পাশে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা চিহ্নিত করে পরবর্তী অভিযানে উচ্ছেদ করা হবে।
স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম বলেন, একই রেললাইনে দুটি ট্রেন ওঠার ঘটনা তদন্তে গঠিত কমিটি গতকাল থেকেই কাজ শুরু করেছে। গতকাল বিকেলে তদন্ত কমিটির সদস্যরা বগুড়ায় এসে পৌঁছেছেন।