ক্ষোভে উত্তাল ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা l প্রথম আলো
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা l প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে গতকাল মঙ্গলবারও উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ, প্রতিবাদী আলপনা ও গণসংগীতের মাধ্যমে ধিক্কার জানান প্রিয় শিক্ষককে নৃশংসভাবে হত্যার ঘটনার। ক্লাস বর্জন করে তাঁরা অবরোধ করেন ঢাকা-রাজশাহী মহাসড়ক। এ ছাড়া দেশের আরও কয়েকটি জায়গায় বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে তিন দিন ক্লাস বর্জন কর্মসূচি পালনের পর গতকাল থেকে সবাইকে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেই আহ্বানে সাড়া দেননি শিক্ষার্থীরা। রাস্তায় নেমে চেয়েছেন প্রিয় শিক্ষককে হত্যার বিচার।
গতকাল বেলা সোয়া ১১টায় টুকিটাকি চত্বর থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী মিছিল বের করেন। সেখান থেকে প্যারিস রোডে পৌঁছানোর আগে তাঁদের সঙ্গে যোগ দেন কয়েক শ শিক্ষার্থী। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বেলা ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। ৪৫ মিনিট ধরে চলা এই অবরোধে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষক হত্যার বিচার চেয়ে মহাসড়কে আলপনাও আঁকেন কিছু শিক্ষার্থী। করা হয় প্রতিবাদী গণসংগীত পরিবেশন। অবরোধ শেষে ক্যাম্পাসে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে আজ বুধবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত সড়ক অবরোধ এবং ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিল বের করে ইংরেজি বিভাগ। পরে শহীদুল্লাহ্ কলাভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১১টায় সিনেট ভবনের সামনে মানববন্ধন করে ঘাতক দালাল নির্মূল কমিটির বিশ্ববিদ্যালয় শাখা। সাড়ে ১১টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাসার কাছে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন দুপুর ১২টা থেকে সোমবার পর্যন্ত শিক্ষাকার্যক্রম থেকে বিরত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেঁধে দিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে শিক্ষক সমিতি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে হয় মানববন্ধন।
মানববন্ধনে উপাচার্য ফারজানা ইসলাম, সহ-উপাচার্য মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক বশির আহমেদসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষক রেজাউল হত্যার বিচার এবং শিক্ষকদের নিরাপত্তার দাবিতে আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শহরের সাতমাথা এলাকায় সকালে মিছিল-সমাবেশ করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা। সমাবেশে বলা হয়, দেশে এখন সবচেয়ে সস্তা মানুষের জীবন। ঘরে-বাইরে কারও নিরাপত্তা নেই। একের পর এক খুন-হত্যার ঘটনা ঘটলেও সরকারের গা ছাড়া ভাব ও বিচারহীনতার কারণে খুন-হত্যার হোলি খেলা থামছে না।
যশোর অফিস জানায়, শহরের চিত্রা মোড়ে বিকেলে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার উদ্যোগে হয় মানববন্ধন ও সমাবেশ। এতে শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, শহরের চৌমোহনা চত্বরে বিকেলে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় পথসভা।
নওগাঁ প্রতিনিধি জানান, শহরের মুক্তির মোড়ে সংগঠন একুশে পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।