কয়রা থেকে বাঘের চামড়া উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৬
খুলনার কয়রা উপজেলা থেকে বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে বাগালী ইউনিয়নের চটকাতলা গ্রাম থেকে চামড়াটি উদ্ধার করা হয়। এ সময় একটি পাইপগান, তিনটি বন্দুকের গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রার আবুল কালাম, জালাল উদ্দীন ও গোলাম রব্বানী; আশাশুনি উপজেলার সোহরাব, মাসুম বিল্লাহ এবং কালীগঞ্জ উপজেলার শেখ আবদুর রব। তাঁদের বিরুদ্ধে বুধবার রাতে কয়রা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি এবং অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি শেখ শমসের আলী।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আক্কাস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বাগালী ইউনিয়নের চটকাতলা গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বাঘের চামড়া, একটি পাইপগান ও তিনটি বন্দুকের গুলি উদ্ধার এবং ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাঘের চামড়াটি ওই বাড়িতে ১৮ লাখ টাকায় বিক্রি করা হচ্ছিল। তবে ক্রেতাদের ধরা সম্ভব হয়নি। ওই ছয়জনকে গতকাল আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।