কয়রায় পুলিশ ছাত্রলীগ সংঘর্ষ গুলিবিদ্ধ ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার কাছারিবাড়ি বৃক্ষমেলার সার্কাস প্রদর্শনীতে বিনা টিকিটে প্রবেশ করা নিয়ে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে ছাত্রলীগের ১৪ জন কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন পুলিশের দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। গত রোববার রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে আবুল কালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গতকাল সোমবার কয়রা থানা ছাত্রলীগের সভাপতিসহ সংগঠনটির ৩০ জন নেতা-কর্মীকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, মেলার সার্কাস প্রদর্শনীতে বিনা টিকিটে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল ছেলে গেটের দারোয়ানকে মারধর করে এবং ভাঙচুর চালায়।
ওসি জানান, পুলিশ ঘটনা নিয়ন্ত্রণের জন্য এগিয়ে এলে তারা দুজন এএসআইকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এরপর তারা আবারও সংঘবদ্ধ হয়ে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। এ ঘটনায় মামলা হয়েছে।