কয়রায় ফের বাঘের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলা থেকে আবার বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বাগালী ইউনিয়নের চটকাতলা গ্রাম থেকে চামড়াটি উদ্ধার করা হয়। এ সময় একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। পরে দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গত বছরের ৯ আগস্ট উপজেলার দক্ষিণ বেদকাশী থেকে তিনটি বাঘের চামড়াসহ ছয়জনকে আটক করা হয়েছিল। পরে তাঁরা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। চলতি বছরের ২৭ মার্চ উপজেলার মহেশ্বরপুর ইউনিয়নের সাতালিয়া গ্রাম থেকে আরও একটি বাঘের চামড়াসহ দুজনকে আটক করে র‍্যাব-৬।

গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার সোহরাব (৪২), মাসুম বিল্লাহ (২৯), কালিগঞ্জ উপজেলার শেখ আবদুর রব (৬১), খুলনার কয়রা উপজেলার আবুল কালাম (৪৪), জালাল উদ্দীন (৩৩) ও গোলাম রব্বানী (৪৫)।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতেই কয়রা থানায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বলেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের রিমান্ড চাওয়া হবে।