কয়রায় হামলায় একই পরিবারের ছয়জন জখম
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চিংড়িঘেরের পাশে ঘর নির্মাণকে কেন্দ্র করে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ভবতোষ মণ্ডল (৪২), তাঁর স্ত্রী রানু মণ্ডল (৩৩), মহিতোষ মণ্ডল (৩৫), সুকুমার মণ্ডল (৩৬), চন্দ্রকান্ত মণ্ডল (৫৫) ও কনেক মণ্ডল (৬৮)। তাঁদের বাড়ি চরামুখা গ্রামে। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, চরামুখা গ্রামে ভবতোষ মণ্ডলের চিংড়িঘেরের পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে একই এলাকার বিকাশ মণ্ডলের মাছ কেনাবেচার জন্য তৈরি করা একটি মাটির ঘর ছিল। এ নিয়ে ভবতোষের সঙ্গে তাঁর বিরোধ ছিল। গতকাল সকালে বিকাশ মণ্ডল ওই স্থানে ইটের ঘর নির্মাণ করতে গেলে ভবতোষ ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময় বিকাশের সঙ্গে ভবতোষের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে বিকাশ তাঁর লোকজন নিয়ে ভবতোষের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভবতোষ মণ্ডলের স্ত্রী রানু মণ্ডল বলেন, ‘দুর্বৃত্তরা প্রথমে এসে আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে। তাঁকে বাঁচাতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়। এ সময় দুর্বৃত্তরা নিজেদের মিলন বাহিনীর সদস্য বলে জানায়।’
এ ব্যাপারে কথা বলার জন্য বিকাশ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।