কয়লা লোপাট মামলায় জিজ্ঞাসাবাদ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা লোপাটের মামলার তদন্তের অংশ হিসেবে এজাহারভুক্ত আসামি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার ৮ জনকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আপাতত জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করেছে সংস্থাটি।

দুদক সূত্র জানিয়েছে, এ পর্যায়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও নথিগত তথ্য যাচাই-বাছাই ও মিলিয়ে দেখা হবে। সব বিচার-বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্টদের আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে উপব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. খলিলুর রহমান, সাবেক মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) আব্দুল মান্নান পাটোয়ারি ও গোপাল চন্দ্র সাহা, ব্যবস্থাপক (হিসাব) সারোয়ার হোসেন, ব্যবস্থাপক (সেলস ও রেভিনিউ কালেকশন) মো. কামরুল হাসান, উপব্যবস্থাপক (মার্কেটিং ও কাস্টমার সার্ভিসেস) মোহাম্মদ নোমান প্রধানীয়া, সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম সিরাজুল ইসলাম ও শরিফুল আলম এবং সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) আল আমিনকে।

এর আগে সাবেক ৫ এমডিসহ মোট ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তাঁদের মধ্যে সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিব উদ্দিন আহমদ গতকাল বুধবার জিজ্ঞাসাবাদ শেষে দাবি করেন, বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা চুরি হয়নি। সিস্টেম লসের কারণে কয়লার ঘাটতি।

কয়লা লোপাটের ঘটনায় গত ২৭ জুলাই রাতে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৯ জন আসামির বিরুদ্ধে খনির ১ লাখ ৪৫ হাজার টন কয়লা গায়েবের অভিযোগ আনা হয়। মামলার তদন্তের ভার পড়ে দুদকের ওপর। এরই ধারাবাহিকতায় মামলার ১৯ আসামিসহ পেট্রোবাংলার ২১ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দেয় দুদক।

এর আগে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে কাগজে-কলমে বেশি কয়লার মজুত দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে গত ২৩ জুলাই তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছিল দুদক।

দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক তাজুল ইসলাম।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, ২০০৫ সালে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। দীর্ঘ ১৩ বছরে কয়লা উত্তোলন হয়েছে ১ কোটি ২০ লাখ টন। বর্তমানে কোল ইয়ার্ডে কয়লার মজুত থাকার কথা ১ লাখ ৩০ হাজার টন। বাস্তবে কয়লার মজুত পাওয়া গেছে ১৪ হাজার টনের মতো। ১ লাখ ১৬ হাজার টনের মতো কয়লার কোনো হদিস নেই, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র চুরি করে খোলাবাজারে এসব কয়লা বিক্রি করে দিয়েছে।