নিয়োগের নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে কাজ দেওয়ার কথা বলে এবার দুই হাজার শ্রমিকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতু প্রকল্প এলাকার কাছে একটি গ্রাম থেকে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার শিকার ৯৮ জন শ্রমিককে। এ ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) বোরহানউদ্দিন বাদী হয়ে নয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
এর আগে গত এপ্রিলে একইভাবে শরীয়তপুরের চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪৪০ জন শ্রমিককে প্রতারিত করে ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল একটি চক্র। এ নিয়ে গত ২০ জুন ‘পদ্মা সেতু প্রকল্পে চাকরির কথা বলে টাকা আত্মসাৎ: শরীয়তপুরে প্রতারক চক্র সক্রিয়’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জাজিরা থানা সূত্র জানায়, ‘সিকদার ট্রেডিং কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠান পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়ে গত ২৫ জুলাই একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর বিভিন্ন জেলা থেকে শ্রমিক সংগ্রহ করার জন্য এজেন্ট নিয়োগ করে প্রতিষ্ঠানটি। এভাবে তারা ইতিমধ্যে দুই হাজার শ্রমিককে ‘নিয়োগপত্র’ দিয়েছে। এ জন্য প্রত্যেক শ্রমিকের কাছ থেকে জামানত হিসেবে ৩০ থেকে ৭০ হাজার টাকা নিয়েছে। প্রতিদিন আট ঘণ্টা কাজ করার শর্তে ‘নিয়োগপত্রে’ শ্রমিকদের ১৮ থেকে ২৫ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। নিয়োগপত্রে প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয়েছে ৯/২ সেক্রেটারিয়েট রোড, ঢাকা-১০০০। স্থানীয় কার্যালয়: নাওডোবা, জাজিরা, শরীয়তপুর। ‘নিয়োগপত্রে’ এস বি রহমান নামের এক ব্যক্তি স্বাক্ষর করেছেন।
থানা সূত্র আরও জানায়, গত ২৪ আগস্ট জাজিরার নাওডোবা ইউনিয়নের তাহের ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর চারটি বাড়ি ভাড়া নেয় সিকদার ট্রেডিং কোম্পানি। এরপর ১১টি জেলা থেকে ৯৮ জন শ্রমিককে এনে সেখানে রাখা হয়। কিন্তু শ্রমিকদের বাড়ি থেকে বের হতে দিতেন না সিকদার ট্রেডিংয়ের লোকজন। বিষয়টি নিয়ে এলাকার মানুষের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। এরপর জাজিরা থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে সিকদার ট্রেডিংয়ের কর্মী মাহবুবুর রহমান, আতিকুর রহমান, রফিকুল ইসলাম ও শেখ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৯৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়। এঁদের মধ্যে খুলনার ৫০ জন, চাঁদপুরের চার,
বরিশালের চার, নওগাঁর পাঁচ, ফরিদপুরের তিন, রাজশাহীর দুই, পাবনার ১৬, নেত্রকোনার চার, নাটোরের ১১, চট্টগ্রামের এক ও সিলেটের একজন।
প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে জাজিরা থানা পুলিশ মামলা করে। গ্রেপ্তার চারজন ছাড়াও সিকদার ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব সিকদার, মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, ব্যবস্থাপক মোহসিন এবং অফিস সহকারী মাহবুবা মরিয়মকে আসামি করা হয়েছে। গত শুক্রবার পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠিয়েছে।
খুলনা সদরের মতিয়াখালী গ্রামের শ্রমিক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকার আমান উদ্দিন নামের এক ব্যক্তির মাধ্যমে ৩০ হাজার টাকা জমা দিয়েছি। এরপর পাঁচ বছরের জন্য ১৮ হাজার টাকা মাসিক বেতনে আমাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখানে এসে বুঝতে পেরেছি প্রতারণার শিকার হয়েছি।’
পাবনার সুজানগর উপজেলার মুরারীপুর গ্রামের আক্কাস মণ্ডল জানান, জামানত হিসেবে তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছে সিকদার ট্রেডিং।
জাজিরা থানায় আটক সিকদার ট্রেডিংয়ের কর্মী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত দুই হাজার শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। নিজেকেও নিয়োগপ্রাপ্ত কর্মী দাবি করে তিনি বলেন, ‘প্রতারণার সঙ্গে আমি জড়িত নই।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, পুরো ঘটনাটাই প্রতারণা। এর সঙ্গে আর কারা জড়িত তা বের করতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভিখারুদৌলা চৌধুরী জানান, পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগ দেওয়ার কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। একটি চক্র প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।