কয়েক কোটি টাকা নিয়ে কর্মকর্তারা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ঋণ ও অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই হাজার গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে ‘সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংক লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নবীনগর উপজেলার বড়াইল বাজারে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে দেলোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তি ব্যবস্থাপক হিসেবে এর কার্যক্রম শুরু করেন। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জের দোহার এলাকায়। গত বছর তিনি সদর উপজেলার গোকর্ণঘাট বাজারে প্রতিষ্ঠানটির আরেকটি শাখা চালু করেন। দুই শাখা মিলিয়ে গ্রাহকসংখ্যা দুই হাজারের বেশি।

প্রতিষ্ঠানটির কয়েকজন গ্রাহক ১৩ এপ্রিল প্রথম আলোকে বলেন, দেলোয়ার টাকা নিয়ে উধাও হয়েছেন—এমন খবরে ১২ এপ্রিল একদল গ্রাহক গোকর্ণঘাট শাখায় ভিড় করেন। পরে এ খবর জানতে পেরে বড়াইলের দুই শতাধিক গ্রাহক ওই প্রতিষ্ঠানের অন্য শাখার সামনেও ভিড় জমান। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ বড়াইল শাখার ব্যবস্থাপক ময়মনসিংহের নান্দাইল এলাকার নাছিমা বেগম (৩৪) এবং সদর থানার পুলিশ গোকর্ণঘাট শাখা থেকে সদর উপজেলার বিরামপুর এলাকার বাসিন্দা রুবেল মিয়া (২৪) ও নবীনগরের বড়াইল গ্রামের লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি অন্যান্য বিমা বা ব্যাংকের চেয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে সদস্য করে। স্থানীয় প্রভাবশালী ও নারী মাঠকর্মীদের মাধ্যমে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গৃহবধূদের সদস্য করে। সদস্য হলে সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়। এককালীন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক জামানতসহ বিভিন্ন প্রকল্পের নামে দুই উপজেলার গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা তোলা হয়।

এ বিষয়ে ১৩ এপ্রিল বিকেলে গোকর্ণঘাট এলাকার ইয়াছিন মিয়া ও তাঁর ভাই জমশীদ মিয়া সদর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা গেছে, গত বছর জমশীদ মিয়ার স্ত্রী নাজমা আক্তারকে ওই প্রতিষ্ঠানের সদস্য করা হয়। ৬ সেপ্টেম্বর নাজমা সেখানে পাঁচ লাখ টাকা জমা দেন। প্রতি মাসে তাঁকে ছয় হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া ইয়াছিন মিয়ার ছোট ভাই মোবারক মিয়া সদস্য হয়ে গত ২৬ নভেম্বর দুই লাখ টাকা জমা দেন। তাঁকে প্রতিবছর ৩৬ হাজার টাকা লাভ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এখন লাভ তো দূরে থাক, আসল টাকা নিয়েই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উধাও হয়ে গেছেন।

এ বিষয়ে কথা বলার জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

গোকর্ণঘাট এলাকার বিল্লাল প্রায় ২০ হাজার টাকা, রফিকুল ১০ বছরের দুটি ডিপিএসে ৩২ হাজার টাকা জমা দেন। তাঁরা বলেন, এলাকার এমন অনেক ব্যক্তি আছেন, যাঁদের কেউ কেউ ৭ লাখ, ১০ লাখ, কেউ বা ১৫ লাখ করে টাকা জমা দিয়েছেন। বুধবার সরেজমিনে প্রতিষ্ঠানটির দুটি শাখায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। উভয় শাখার ভবনে ঝুলছে তালা।  

বড়াইল গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ওই শাখার ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। এলাকার লোকজনকে ব্যাংকের সদস্য হতে ও টাকা জমা দিতে তিনি উদ্বুদ্ধ করেন। এ বিষয়ে মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বড়াইল শাখার কয়েকজন গ্রাহকদের টাকা জমা দেওয়ার বই ঘেঁটে দেখা গেছে, বড়াইল পশ্চিম পাড়ার তাকমিনা বেগম ২ লাখ ৮৮ হাজার টাকা, আবদুর রহমান ৫ লাখ, রমজান আলী নামের একজন রিকশাচালক প্রায় ১৩ হাজার, শেখ ফরিদ নামের এক ব্যক্তি ৩০ হাজার, সামসু মিয়া ৩ লাখ ১০ হাজার ও বিল্লাল হোসেন ৩ লাখ টাকা জমা দেন।

গ্রেপ্তার হওয়া নাছিমার বরাত দিয়ে নবীনগর এসআই আবদুস সুলতান বলেন, তিন মাস আগে নাছিমা বড়াইল শাখায় যোগ দেন। শুরু থেকে এ পর্যন্ত এই শাখায় গ্রাহকদের কাছ থেকে ৩৯ লাখ টাকা সঞ্চয় করা হয়। গ্রাহকদের মাঝে ঋণ দেওয়া হয় ১৭ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন সময়ে দেলোয়ার নিয়ে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মাইনুর রহমান বলেন, দুই গ্রাহকের করা জিডি খতিয়ে দেখা হচ্ছে। দেলোয়ার হোসেন এর আগে মানিকগঞ্জ থেকেও গ্রাহকের বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মাইনউদ্দিন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে  তদন্ত করেছি। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এর অধীনে সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংক লিমিটেডের নিবন্ধন রয়েছে। নিবন্ধন অনুযায়ী এটি একটি লিমিটেড কোম্পানি। তবে স্থানীয় সমাজসেবা বা সমবায় কার্যালয়ের কোনো অনুমোদন নেওয়া হয়নি।’