কয়েক মাসের পুরোনো রসে জিলাপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের তিন পোলের মাথায় একটি মিষ্টির দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের তিন পোলের মাথায় একটি মিষ্টির দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: জুয়েল শীল

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি মিষ্টি বিক্রির অপরাধে দুটি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের তিন পোলের মাথা ও বাটালি রোড এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় তিন মণ পচা-বাসি মিষ্টি ও মিষ্টিজাত সামগ্রী ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিন পোলের মাথার ঘোষ সুইটসকে ৫০ হাজার এবং বাটালি রোডের ধানসিঁড়ি সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘোষ সুইটসে দেখা যায়, কয়েক মাসের পুরোনো রসে জিলাপি ভেজে ডুবানো রয়েছে। এ ছাড়া সেখানে পাওয়া যায় বাসি, ছত্রাক-পোকামাকড় পড়া মিষ্টি। কারখানার পরিবেশ ছিল খুবই অপরিচ্ছন্ন। উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এ জন্য এই দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে রুহুল আমিন জানান। তিনি আরও বলেন, ধানসিঁড়ি সুইটসে অভিযান চালিয়ে ছত্রাক পড়া মিষ্টি জব্দ করা হয়। এখানেও উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের সময় লেখা ছিল না মিষ্টি ও মিষ্টিজাত সামগ্রীর মধ্যে। তাই এই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।