খড় বিক্রির জন্য বিদ্যালয়ের মাঠ ভাড়া!
রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুই বছর ধরে বিদ্যালয়ের মাঠ তিন মাসের জন্য তিনি খড় ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছেন।
বিদ্যালয়ের মাঠে এভাবে খড় বেচাকেনা করায় পাঠদান ব্যাহত হচ্ছে। খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠজুড়ে রয়েছে খণ্ড খণ্ড খড়ের পালা। বিদ্যালয়ের ভেতরে শ্রেণিকক্ষে চলছে পাঠদান। এ সময় শিক্ষার্থীদের কয়েকজনকে নাক ও মুখ ঢেকে শ্রেণিকক্ষে ক্লাস করতে দেখা যায়।
স্থানীয় ১২ জন বাসিন্দা জানান, দুই সপ্তাহ আগে মাঠে খড় বিক্রি শুরু হয়েছে। বাগমারা ও মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন মাঠ থেকে খড় কিনছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে খড় বেচাকেনা হয়।
বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক মকছেদ আলী বলেন, দুই বছর ধরে বিদ্যালয়ের মাঠে খড় বেচাকেনা চলছে। অক্টোবর মাসের শেষের দিকে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলে। খড়ের ব্যবসার কারণে শিক্ষার্থীরা শারীরিক কসরত ও খেলাধুলা করতে পারে না। এ ছাড়া পাঠদানের আগে জাতীয় সংগীত গাওয়ার বিধান থাকলেও এই তিন মাস তা বন্ধ থাকে।
বিদ্যালয়ের তিনজন শিক্ষক বলেন, মাঠে খড়ের পালা থাকা ও বেচাকেনার কারণে পাঠদান করতে ও শ্রেণিকক্ষে থাকতে সমস্যা হয়।
বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী জানায়, খড়ের ময়লা ও ধুলাবালি উড়ে শ্রেণিকক্ষের ভেতরে আসে। বই খাতা ময়লায় ভরে যায়। এই তিন মাস মাঠে কোনো খেলাধুলাও করা যায় না। এ ছাড়া এর আগের বছর বেঞ্চ কেনার কথা বলে মাঠ ভাড়া দেওয়া হলেও কোনো বেঞ্চ কেনা হয়নি।
খড়বিক্রেতা আবুল কালাম বলেন, তাঁরা প্রধান শিক্ষককে ভাড়া দিয়ে সেখানে খড়ের ব্যবসা করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ বলেন, গত বছরের মতো এ বছরও ১০ হাজার টাকায় তিন মাসের জন্য দুজন খড় বিক্রেতাকে মাঠ ভাড়া দেওয়া হয়েছে। বিদ্যালয়ে বেঞ্চের সংকট রয়েছে। মাঠ ভাড়ার টাকায় বেঞ্চ কেনা হবে। আর রোদ ও গরমের কারণে নিয়মিত জাতীয় সংগীত গাওয়া ও সমাবেশ করা সম্ভব হয় না।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন কবিরাজ বলেন, বেঞ্চ কেনার জন্য মাঠ ভাড়া দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে গিয়ে খড়ের হাট বসানোর দৃশ্য দেখা গেছে। দ্রুত মাঠ থেকে খড় সরানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
বাগমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।