খড়ের গাদায় লুকানো ককটেল, বিস্ফোরণে আঙুল উড়ল শিশুর

বাড়ির সামনে খড়ের গাদা। সেই খড়ের গাদায় লুকানো ছিল ককটেল। তা জানার কথা নয় আট বছরের শিশু শহিদা খাতুনের। আজ মঙ্গলবার গৃহস্থালি কাজের জন্য সেই গাদা থেকেই খড় আনতে গিয়েছিল। খড় নাড়াচাড়ার সময় গাদার ভিতরে থাকা ককটেলটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে শহিদার ডান হাতের বৃদ্ধাঙ্গুল উড়ে যায়। বোমায় ঝলসে যায় অন্য আঙ্গুলসহ চোখমুখও।
আজ মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শহিদাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদা বালিয়াডাঙ্গা গ্রামের হামিদুল হকের মেয়ে এবং স্থানীয় বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বাবা হামিদুর রহমান জানান, সকালে মায়ের সঙ্গে গৃহস্থালি কাজ করছিল শহিদা। একপর্যায়ে মা তাকে গাদা থেকে খড় আনতে পাঠান। মায়ের কথামতো গাদা থেকে খড় আনতে গিয়ে গাদায় লুকিয়ে রাখা ককটেলে হাত পড়ে তার। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়ে তার ডানহাতের বৃদ্ধাঙ্গুল উড়ে যায়। আহতাবস্থায় প্রথমে তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, গাদার ভিতরে কারা ককটেলটি লুকিয়ে রেখেছিল বা কীভাবে সেখানে ককটেল এল, তা তাঁদের জানা নেই।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, গাদার ভিতরে থাকা ককটেলটি শহিদার নজরে আসেনি। এতে ককটেলটি হাতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শহিদার হাতের আঙুল উড়ে যায়। ওসি জানান, ককটেলটি কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।