খড়ের গাদায় বোমা, আঙুল উড়ে গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির খুলিতেই খড়ের গাদা। সেই খড়ের গাদায় লুকানো ছিল হাতবোমা। সেটা জানার কথা নয় আট বছরের শিশু শহিদা খাতুনের। গতকাল মঙ্গলবার গৃহস্থালি কাজে সেই গাদা থেকে খড় আনতে গিয়েছিল সে। খড় নাড়াচাড়া করার সময় গাদার ভেতরে থাকা হাতবোমাটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে শহিদার ডান হাতের বৃদ্ধাঙুল উড়ে যায়। বোমায় ঝলসে যায় অন্য আঙুলসহ চোখ-মুখও। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শহিদা বালিয়াডাঙ্গা গ্রামের হামিদুল হকের কন্যা এবং স্থানীয় বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
হামিদুর রহমান জানান, গাদার ভেতরে কারা ককটেলটি লুকিয়ে রেখেছিল বা কীভাবে সেখানে ককটেল এল তা তাদের জানা নেই।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, গাদার ভেতরে থাকা ককটেলটি শহিদার নজরে আসেনি। এতে ককটেলটি হাতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শহিদার হাতের আঙুল উড়ে যায়। ওসি জানান, ককটেলটি কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।