খণ্ডিত মাথাটি স্বামীর বলে শনাক্ত করলেন এক নারী
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মাথার পরিচয় গতকাল রোববার শনাক্ত করেছেন ফাতেমা আক্তার নামের এক নারী। তিনি বলেছেন, মাথাটি তাঁর স্বামী হেলাল খানের।
খণ্ডিত মাথাটি উদ্ধারের স্থানের কাছ থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন দেহটি তাঁর স্বামীর নয় বলে দাবি করেন ফাতেমা। এ অবস্থায় বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ ওই মাথা ও দেহের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করেছে।
গত বৃহস্পতিবার খিলগাঁওয়ের শেখের জায়গা নামক এলাকা থেকে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরনে ছিল চেক লুঙ্গি, বাঁ হাতে ছিল তাবিজ। শরীরের ওপরের অংশ ছিল খালি। পরদিন শুক্রবার ওই স্থানের একটি ডোবা থেকে একটি মাথা উদ্ধার করা হয়।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ফাতেমা আক্তার ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে ওই মাথাটি তাঁর স্বামীর বলে দাবি করেন। তিনি সাংবাদিকদের জানান, তাঁর স্বামী হেলাল খান সপরিবারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকতেন। তিনি ভাঙারি ব্যবসা করতেন। বুধবার সকালে তিনি ঢাকার মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি আর বাসায় ফেরেননি।
তবে ফাতেমা জানান, উদ্ধার হওয়া দেহটি তাঁর স্বামীর নয়। তিনি জানান, তিন মাস আগে তাঁরা ফতুল্লায় থাকতেন। ওই সময় বাসায় ডাকাতি হয়েছিল। তখন একজনকে চিনে ফেলেন তাঁর স্বামী। এ ঘটনায় মামলার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠায়। বর্তমানে ওই ব্যক্তি জামিনে আছেন। তাঁর স্বামীকে হত্যার সঙ্গে ওই ব্যক্তি সম্পৃক্ত থাকতে পারেন বলেও সন্দেহ করছেন ফাতেমা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওই নারী মাথাটি তাঁর স্বামীর বলে দাবি করেছেন। তবে দেহটি স্বামীর নয় বলে জানিয়েছেন। এখন ডিএনএ পরীক্ষা করে বোঝা যাবে মাথা ও দেহ একই ব্যক্তির কি না। পরীক্ষার আগে লাশের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ওই নারীর স্বামী জায়গাজমি কেনাবেচারও ব্যবসা করতেন।