খননযন্ত্র ও ট্রাক জব্দ
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চর থেকে বালু তোলার সময় একটি খননযন্ত্র (স্ক্যাভেটর) ও ১৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম গতকাল সোমবার পৌরসভার মাতামুহুরী সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে খননযন্ত্র ও ট্রাক জব্দ করেন।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, সরকার মাতামুহুরীর চর ইজারা দেয়নি। তারপরও প্রশাসনের দোহাই দিয়ে প্রকাশ্যে বালু তুলছেন একশ্রেণির মানুষ—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তিনি জানান, জব্দ করা ট্রাক ও স্ক্যাভেটরের মালিককে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে জরিমানা করা হবে।
স্থানীয় লোকজন বলেন, মাতামুহুরীর তীরে জেগে ওঠা চর একসময় তাঁদের খতিয়ানভুক্ত জমি ছিল—এমন দাবি করে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করে আসছেন। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে বর্ষায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। এতে বসতঘরহারা হয় মানুষ।