খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন ঝুঁকিতে রাস্তা ও বিদ্যালয় ভবন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী-বরাতি কাঁচা রাস্তা ও মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পাশের পুকুরে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ওই রাস্তা এবং বিদ্যালয় ভবন হুমকির মুখে পড়েছে। এ ছাড়া ওই বালু বিদ্যালয়ের মাঠে রাখায় শিক্ষার্থীদেরও শরীরচর্চা, স্কাউটিংসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
ওই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে বিদ্যালয়টির অবস্থান। তিন মাস আগে বিদ্যালয়টিতে তিন কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এখানে ২১০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়টির পাশ দিয়ে চলে গেছে ইকরচালী-বরাতি কাঁচা রাস্তা। এ রাস্তা দিয়ে বরাতি, মাঝাপাড়া, বানিয়াপাড়া, চড়কডাঙ্গা, নারায়ণজন, ভূতপাড়া, কোমরপাড়া গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ তারাগঞ্জসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারার খ-উপধারায় উল্লেখ করা হয়েছে সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, সড়ক, মহাসড়ক, বাঁধ, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা যাবে না। কিন্তু বিদ্যালয়ের ভবন থেকে মাত্র ২০০ গজ ও কাঁচা রাস্তাটির ৫ গজ দূর থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
এলাকার কয়েকজন অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সহযোগিতায় ইকরচালী গ্রামের বালু ব্যবসায়ী কেরামতুল্লাহ প্রায় ২০দিন ধরে পুকুরে যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে বিদ্যালয়ের ভবন ও কাঁচা রাস্তা হুমকিতে পড়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে দিয়ে ইকরচালী-বরাতি কাঁচা রাস্তা চলে গেছে। সেই রাস্তার পাশ থেকে এবং বিদ্যালয় ভবন থেকে মাত্র ২০০ গজ দূরে একটি পুকুরে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করে বিদ্যালয়ের মাঠে স্তূপ করে রাখা হয়েছে। সেখান থেকে ট্রলিযোগে ওই বালু বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের মাঠে বালু রাখায় বর্তমানে শিক্ষার্থীদের শরীরচর্চা, স্কাউটিংসহ সব কার্যক্রমই বন্ধ রয়েছে। টিফিনের সময়ও তারা মাঠে গিয়ে খেলতে পারে না। জাতীয় সংগীত পরিবেশনসহ সমাবেশের (অ্যাসেমব্লি) সব কাজ সারতে হয় বিদ্যালয়ের বারান্দায়।
মাঝাপাড়া গ্রামের মতিয়ার রহমান (৪০) বলেন, ‘খালি স্কুলটার আর রাস্তাটায় নোয়ায় হামার ঘরবাড়িরও ক্ষতি করি বালা তোলোছে। বাঁধা করলেও শোনোছে না।’
ওই গ্রামের কৃষক সাইবুল ইসলাম (৩৬) বলেন, ‘হামরা গরিব মানুষ। কষ্ট করি বাড়ি বানাছি। পুকুর থাকি মেশিন দিয়ে বালু তুলতে আছে। অ্যাতে যদিক হামার বাড়ি দাবি যায়, তখন হামরা যামো কোনটে?’
বালু ব্যবসায়ী কেরামতুল্লাহ বলেন, ‘মোর দোষ কী? মুই তো হেড স্যারের কথামতো পুকুর থাকি বালা তোলোছুং।’
জানতে চাইলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যালয়ের মাঠটি নিচু তাই মাঠ ভরাট করার জন্য ওই পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পুকুর থেকে উত্তোলনকৃত বালু অর্ধেক বিক্রি করে টাকা নেবে বালু ব্যবসায়ী আর অর্ধেক বালু দিয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট করা হবে।’
ইকরচালী ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা সিদ্ধের শিং ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দেলওয়ার হোসেন বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।