খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন হুমকির মুখে গ্রামসহ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের ধোপানীরঘাট মুন্সিপাড়া গ্রামের পাশের একটি পুকুর থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ওই গ্রামসহ একটি পাকা সড়ক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। রবিউল ইসলাম (৩০) নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ওই বালু উত্তোলন করছেন।

গত বুধবার উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরের ওই গ্রামে গিয়ে দেখা যায়, চারজন যুবক খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছেন। এই বালু কিনে ট্রাক্টরে ভরে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বালু উত্তোলনের ছবি তোলার সময় পুকুর থেকে এগিয়ে আসেন এক যুবক। জানা গেল, তাঁর নাম এরশাদুল হক (৩০)। তিনি বলেন, তিনি বালু বিক্রির দায়িত্বে আছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, পুকুর আমার না। মালিক বাড়িতে আছেন।’

পরে এরশাদুল পুকুরের মালিক রবিউলকে ডেকে আনেন। সাংবাদিক পরিচয় পেয়ে কিছুটা উত্তেজিত হয়ে রবিউল বলেন, ‘আমি তো নিজের পুকুর থেকে বালু উত্তোলন করছি। এতে দোষের কী? সাংবাদিকেরা পত্রিকায় লিখে কি আমার ব্যক্তিগত পুকুর থেকে বালু উত্তোলন বন্ধ করতে পারবে? এর আগেও অনেক সাংবাদিক বালু উত্তোলনের ছবি তুলে নিয়ে পত্রিকায় দিয়েছে। আমার কিছুই হয় নাই।’

ওই পুকুরঘেঁষে রয়েছে বদরগঞ্জ-নাগেরহাট পাকা সড়ক। আশপাশে রয়েছে আরও তিনটি গ্রাম। ২০০ গজ দূরে রয়েছে শান্তিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালু উত্তোলনের কারণে এগুলোর সব এখন হুমকির মুখে।

মুন্সিপাড়া গ্রামের বাইতুল্লাহ (৪০) অভিযোগ করে বলেন, ‘রবিউল এক বছর ধরে গ্রামের পাশের ওই পুকুরে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছেন। তিনি এলাকার প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না। প্রতিদিন সেখান থেকে গড়ে অন্তত আট হাজার টাকার বালু বিক্রি হয়। এতে রবিউল লাভবান হলেও আমরা গ্রামের মানুষ আছি আতঙ্কে। বদরগঞ্জ-নাগেরহাট পাকা সড়ক ও আশপাশের আবাদি জমিও হুমকির মুখে পড়েছে।’

ধোপানীরঘাট মুন্সিপাড়া গ্রামের মাসুদা বেগম (৪৫) বলেন, ‘হামরা গরিব মানুষ। কষ্ট করি বাড়ি বানাছি। পুকুর থাকি মেশিন দিয়ে বালু তুলতে আছে। এ্যাতে যদিক হামার বাড়ি দাবি যায়, তখন হামরা যামো কোনটে? বাদা (বাধা) করলে কয় হামার পুকুর থাকি হামরা বালু তোলোচ্ছি, তাতে তোমার কী?’ ওই গ্রামের আরেক গৃহবধূ আরজিনা বেগম (৪০) বলেন, ‘গরিবের কথা কায়ো শোনে না। বালু বেচার টাকা দিয়া পুকুর মালিক রবিউল সবাইকে ম্যানেজ করি বালু তুলতেই আছে।’

ওই পুকুরের পাশের জমির মালিক হজরত আলী (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)। তাঁরা বলেন, বালু উত্তোলন করায় তাঁদের জমি কিছুটা দেবে গেছে। যেকোনো সময় বদরগঞ্জ-নাগেরহাট পাকা সড়কও দেবে যেতে পারে। বালু উত্তোলন বন্ধ করতে বললে রবিউল ও তাঁর লোকজন হুমকি দেন।

এ ব্যাপারে গত শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কিছু জায়গায় বালু উত্তোলন করা হচ্ছে। চার মাস আগে ১৭ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। ওই স্থানে বালু উত্তোলনের খবর আমার জানা নেই।’