রোববার সকাল ১০টার আগেই কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র ভরাট কাজ বন্ধে নদ পাড়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ভরাটস্থলে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সুজন মিয়ার দুই সহযোগীকে আটক করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। উদ্ধার অভিযানে সহযোগী হয়ে আসেন আবাসিক বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক ও জনপদের প্রতিনিধিরা। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আসার আগেই খননযন্ত্র সরিয়ে নেন সুজন।
নদ উদ্ধারে সরকারের চার দপ্তরের প্রতিনিধিদের উদ্যোগী হতে দেখে স্থানীয় সত্তরোর্ধ্ব হাসেম মিয়া বলেন, ‘তাইজ্জব ব্যাপার। কেমনে কী হইল। মাটি ফেলা যে বন্ধ হইব চিন্তাও করতে পারি নাই।’
স্মৃতিকাতর হয়ে জানান, এই নদে তিনি সাঁতার কেটেছেন ষাট বছর। মাছ ধরেছেন। নৌকা চালিয়েছেন। চোখের সামনে নদটির করুণ অবস্থা দেখে এত দিন ভেতরে-ভেতরে তাঁর অনেক রক্তক্ষরণ হয়েছে। এখন তিনি আশার আলো দেখছেন।
সুজন পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। গত রোববার প্রথম আলোর শেষের পাতায় ‘ভৈরবে ব্রহ্মপুত্র ভরাট করছেন আ. লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর নদ উদ্ধারে প্রশাসনের বিভিন্ন দপ্তর নানামুখী উদ্যোগ নেয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভরাটস্থলে গিয়ে তারা প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সত্যতা পেয়েছেন। তবে তারা গিয়ে দেখতে পায় ভরাট কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের মাধ্যমে নদ ভরাট বন্ধের নির্দেশ জানিয়ে দেওয়া হয়।