খন্দকার মোশাররফের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অর্থের পরিমাণ বাংলাদেশি অর্থে প্রায় ১০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দুদকের (জনসংযোগ) উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার।
অভিযোগে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকার সময় (২০০১-০৬) খন্দকার মোশাররফ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৪৭ (৫) ধারা লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা করেন। যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকের মাধ্যমে তিনি ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার হোসেনের নামে ‘ফিক্সড টার্ম ডিপোজিট’ নামের যৌথ হিসাব খোলেন। সেখানে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১১৮ দশমিক ৬৩ হারে নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা) স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন।
ব্যাংকের বার্ষিক বিবরণীতে বর্তমানে ওই হিসাবটিকে ‘ফ্রিজ’ বা স্থগিত দেখানো হয়েছে। এইভাবে বিদেশে জমা করা অর্থের বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাঁর সম্পদ বিবরণী বা তাঁর আয়কর বিবরণী নথির কোথাও উল্লেখ করেননি। আয়কর নথির এই হিসাব গত বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আমলে নেওয়া হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, বিদেশে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তাঁর স্ত্রী বিলকিস কেউই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো অনুমোদন নেননি।
তদন্তকালে মন্ত্রী ও তাঁর স্ত্রী যুক্তরাজ্যে লেখাপড়া ও চাকরি করেছেন দাবি করলেও কোথায় অবস্থান ও চাকরি করেছেন, তা প্রমাণ করতে পারেননি। তা ছাড়া মোশাররফ হোসেন ১৯৬৯-৭৫ সময় কালে ওই হিসাব খোলেন দাবি করলেও তদন্তে সেটিরও প্রমাণ মেলেনি।
এর আগে ২০০৮ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে তত্কালীন দুদক কর্তৃপক্ষ। সেটির অভিযোগপত্র গত বছরের ২৪ মার্চ আদালতে জমা দেওয়া হয়।