খবরে নাম পরে থাকায় সাংবাদিককে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসানকে ছাত্রলীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাকিবুল দৈনিক ইত্তেফাক ও অনলাইন পত্রিকা এবিনিউজ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠান নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে এক নেতার নাম নিচের দিকে ছাপা হওয়ায় রাকিবুলকে মারধর করা হয়।
রাকিবুল বলেন, ৪ জানুয়ারি চুয়েটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর প্রকাশিত হয় এবিনিউজ২৪.কমে। প্রতিবেদনটিতে ছাত্রলীগের চুয়েট শাখার কয়েকজন যুগ্ম আহ্বায়কের নাম প্রকাশিত হয়। তাঁদের মধ্যে যুগ্ম আহ্বায়ক মোসলেহ্ উদ্দীনের নাম সবার শেষে লেখা হয়। আর এ কারণেই ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা করে চুয়েট ছাত্রলীগের অপর যুগ্ম আহ্বায়ক এবং মোসলেহ্র অনুসারী আশরাফ-উল-নাঈম।
রাকিবুল আরও জানান, গত সোমবার মধ্যরাতে শহীদ তারেক হুদা হলের ৩২০ নম্বর কক্ষে তাঁকে ডেকে নিয়ে যান নাঈম। এ সময় তাঁর (রাকিবুল) কাছে প্রতিবেদনে মোসলেহ্ উদ্দীনের নাম সবার পরে লেখার কারণ জানতে চান নাঈম। এ সময় নাঈম হাতে থাকা রড দেখিয়ে জীবননাশের হুমকি দেন। কথার একপর্যায়ে মোসলেহ্কে মুঠোফোনে ডেকে আনেন নাঈম। এর পরই মোসলেহের সামনেই পুনরায় নাঈম তাঁর ওপর চড়াও হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এদিকে রাকিবুলের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাউজান সাংবাদিক সমিতির নেতারা। বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা মোসলেহ্ উদ্দীন ও আশরাফ-উল-নাঈমকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানানো হয়।
তবে রাকিবুলকে মারধর করার কথা অস্বীকার করে নাঈম প্রথম আলোকে বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’ এ ব্যাপারে মোসলেহ্ উদ্দিন বলেন, ‘সোমবার রাতে আমি হলে ছিলাম। কিন্তু এ রকম কিছু শুনিনি।’
চুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ‘এ রকম একটি ঘটনা ঘটেছে বলে আমি গতকাল সকালে শুনেছি। এ ধরনের ঘটনা সংগঠন থেকে কখনো সমর্থন করা হবে না।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈমকে ক্যাম্পাসে বিশৃঙ্খল আচরণের দায়ে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ও ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আবাসিক হল থেকে দুবার আজীবন বহিষ্কার হওয়ার পরও এ ছাত্রলীগ কর্মী এখনো হলে অবস্থান করছেন।
চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রাকিবুলকে মারধরের বিষয়টি শুনেছি। দ্রুত তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ আজীবনের জন্য আবাসিক হল থেকে বহিষ্কৃত হওয়ার পরও ছাত্রলীগ নেতা কীভাবে হলে থাকেন এই প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’