খাওয়ার পর অচেতন বাসার নয়জন, লাপাত্তা গৃহকর্মী

রাতে খাওয়ার পর একে একে অচেতন হয়ে পড়েন বাসার নয়জন। বাড়ির অন্যরা সকালে তাঁদের হাসপাতালে নেন। বাড়ি থেকে লাপাত্তা রাতে তরকারি গরম করা গৃহকর্মী। তছনছ হওয়া আলমারি থেকে খোয়া গেছে দুটি মুঠোফোন, সোনার গহনা।
রাজধানীর চকবাজারের জয়নাব রোডের এক বাড়িতে গত সোমবার রাতে ঘটেছে এ ঘটনা। অচেতন নয়জনকে গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহকর্মীকে এনে দেওয়া নারীকে লোকজন পুলিশে সোপর্দ করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দিয়েছে।
অচেতন ওই নয়জন হলেন আনোয়ারা বেগম, তাঁর পুত্রবধূ রেশমা, নাতি ইয়াসিন ও হামিম, আনোয়ারার নিকটাত্মীয় শাহানারা বেগম, শাহানারার স্বামী মোহাম্মদ ফয়সাল, গৃহকর্মী সালমা এবং নিরাপত্তাকর্মী আবদুল হালিম ও আবদুল মান্নান। সন্ধ্যার দিকে রেশমা, হামিম ও হালিমকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, কিছুদিন আগে তিনতলা ওই বাড়িতে স্বপ্না নামের একজনকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খাওয়ার আগে তরকারি গরম করেন স্বপ্না। দুই নিরাপত্তাকর্মীসহ নয়জন ওই তরকারি দিয়ে খান। খাওয়ার কিছুক্ষণ পর একে একে তাঁরা অচেতন হয়ে পড়েন। গতকাল সকালে দোতলায় থাকা গৃহকর্তা হাজি তাজউদ্দিন দুই নাতিকে বিদ্যালয়ে নিতে নিচতলায় গিয়ে নয়জনকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
রেশমার ছেলে হোসাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, সোমবার রাতে তিনি, তাঁর দাদা ও বাবা বাইরে খেয়েছিলেন। পরিবারের অন্যরা নিচতলায় খাওয়ার সময় তাঁরা দোতলায় ছিলেন। সকালে গৃহকর্মী স্বপ্নাকে বাসায় পাওয়া যায়নি। পাঁচ দিন আগে সোয়ারীঘাটের মমতাজ নামের এক নারী তাঁকে গৃহকর্মী হিসেবে দিয়ে গিয়েছিলেন। এ কয়েক দিনেই তিনি অতিরিক্ত কাজ করে সবার মন জয় করে নিয়েছিলেন। সকালে বাসার আলমারি তছনছ অবস্থায় ছিল। সেখান থেকে দুটি মুঠোফোন, সোনার দুটি বালা ও একটি চেইন খোয়া যাওয়ার বিষয়টি আপাতত জানা গেছে। আর কী খোয়া গেছে, তা সব দেখে বলা যাবে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, স্বপ্না নিজের ঠিকানা মমতাজকে দক্ষিণ কেরানীগঞ্জ বলায় তাঁকে নিয়ে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। পরে মমতাজকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে ওই নারীর নাম হয়তো স্বপ্না নয়, অসৎ উদ্দেশে ছদ্মনাম ধারণ করেছিলেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।