খাওয়ার সময় বাবা-ছেলেকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চার দিন হাসপাতালে ছিলেন কৃষক চিরঞ্জয় ত্রিপুরা। সুস্থ হয়ে গত বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বাড়ি ফেরেন তিনি। সন্ধ্যার পর পরিবারের সবাইকে নিয়ে খেতে বসেন। এ সময় হঠাৎ ২৫ থেকে ৩০ জন লোক অস্ত্র, দা, লাঠি নিয়ে পুরো পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিরঞ্জয় ত্রিপুরা (৫৫) ও তাঁর ছেলে কর্ণ ত্রিপুরাকে (৩০) হত্যা করে পালিয়ে যায় তারা।
খাগড়াছড়ির সদর উপজেলার সদর ইউনিয়নের দেবতা পুকুরের পাশের থলিপাড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন চিরঞ্জয়ের স্ত্রী ভবেলক্ষ্মী ত্রিপুরা (৪৫) ও কর্ণ ত্রিপুরার স্ত্রী বিজলী ত্রিপুরা (২৮)। তাঁরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, জমি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কালিবন্ধু ত্রিপুরার সঙ্গে বিরোধ ছিল চিরঞ্জয়ের। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিবন্ধু ত্রিপুরার পক্ষে কাজ না করায় চিরঞ্জয়ের ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি। এই বিরোধের জের ধরে ৭ মে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়কে কালিবন্ধু ত্রিপুরার নেতৃত্বে চিরঞ্জয়ের ওপর হামলা চালানো হয় বলে তাঁরা অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেদিন সন্ধ্যার পর চিরঞ্জিতের বাড়ি থেকে প্রথমে গুলির শব্দ ও পরে আর্তচিৎকার শোনা যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত লোকজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
চিরঞ্জয়ের স্ত্রী ভবেলক্ষ্মী ত্রিপুরা গতকাল শুক্রবার সকালে হাসপাতালে প্রথম আলোকে বলেন, সেদিন খাবার খাওয়ার সময় কালিবন্ধু ত্রিপুরার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে প্রথমে তাঁর স্বামী ও ছেলের ওপর হামলা চালায়। তখন তিনি ও তাঁর পুত্রবধূ বাধা দিলে তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা।
আহত দুই নারীর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক অনুতোষ চাকমা। তিনি বলেন, চিরঞ্জয় ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আনার পথে তাঁর ছেলে কর্ণ মারা যান। দুজনের মাথায় গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত ছিল।
এদিকে হামলার সময় ঘরে থাকলেও পালিয়ে প্রাণে রক্ষা পান বলে জানান চিরঞ্জয়ের মেজ ছেলে নীহার ত্রিপুরা।
হামলার বিষয়ে সদর ইউপির সাবেক চেয়ারম্যান ক্ষেত্রমোহন ত্রিপুরা বলেন, এর আগেও কালিবন্ধু ও চিরঞ্জয়ের পরিবারের মধ্যে হামলা ও মামলার ঘটনা ঘটেছে। চিরঞ্জয় ও কালিবন্ধু দূর সম্পর্কে আত্মীয়। দুই পরিবারের বিরোধ নিয়ে এলাকায় সালিসও হয়েছে।
চিরঞ্জয়ের প্রতিবেশী কেউচিং মারমা বলেন, ৭ মে হামলার ঘটনায় চিরঞ্জয় বৃহস্পতিবার সকালে কালিবন্ধুর বিরুদ্ধে থানায় মামলা করতে যান। তবে পুলিশ মামলা নেয়নি। পরে দুপুরে আদালতে কালিবন্ধু ত্রিপুরাসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন চিরঞ্জয়। মামলা করার মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে কালিবন্ধু ত্রিপুরা ও তাঁর সহযোগীরা চিরঞ্জয়ের বাড়িতে গিয়ে হামলা করেন।
অবশ্য খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক আবদুল হান্নান দাবি করেন, চিরঞ্জয় মামলা করতে আসেননি। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কালিবন্ধু ত্রিপুরাসহ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, গত বছর কালিবন্ধু ত্রিপুরা ও তাঁর ছেলে যতীনকে যৌথ বাহিনী অস্ত্রসহ গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাভোগের পর তাঁরা জেল থেকে ছাড়া পান। কিছুদিন আগে যতীন ত্রিপুরাকে গুলি ও পিস্তলসহ যৌথ বাহিনী আবার আটক করে। এখন জেলে রয়েছেন যতীন।
এদিকে বাবা-ছেলেকে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগের একাংশ। এই হত্যাকাণ্ডের জন্য সমাবেশ থেকে দলের অপর পক্ষকে দায়ী করে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা।
খাগড়াছড়ি শহরের নারিকেল বাগান এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে সদর হাসপাতাল গেটের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগে দুটি পক্ষ সক্রিয়। একপক্ষে রয়েছেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যপক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের নেতা জাহেদুল আলম।
সমাবেশে হত্যাকাণ্ডের জন্য পুলিশের গাফিলতিকেও দায়ী করেন বক্তারা। সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়নবিষয়ক সম্পাদক দিদারুল আলম ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা।
সাংসদদের অনুসারী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, নিহত দুজন সাধারণ নাগরিক। এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটি মহল এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বাবা-ছেলে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীর বিচার দাবি করেন।