খাগড়াছড়িতে দুজনকে কোপালেন সাময়িক বরখাস্ত তথ্য কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গতকাল রোববার দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া জেলা তথ্য কর্মকর্তা তাঁদের কুপিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত ব্যক্তিরা হলেন আবদুল হান্নান (৭২) ও জাহাঙ্গীর হোসেন (৭০)। তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন বলেন, প্রতিদিনের মতো আদালত প্রাঙ্গণে আংটি বিক্রি করছিলেন আবদুল হান্নান। হঠাৎ এক ব্যক্তি এসে ধারালো দা দিয়ে তাঁকে কোপাতে থাকেন। তাঁকে বাঁচাতে গেলে জাহাঙ্গীর হোসেনকেও কোপানো হয়। পরে আশপাশের লোকজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূঁইয়া বলেন, হামলাকারী সাময়িক বরখাস্ত জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন (৩৭)। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি জানান, জাহাঙ্গীরের ছেলে শিমুল মিয়া বাদী হয়ে আনোয়ারকে আসামি করে সদর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
আনোয়ার হোসেন খাগড়াছড়িতে জেলা তথ্য কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। ওই ঘটনায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জেলা সদরে সরকারি বাসভবনে বসবাস করতেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জীব ত্রিপুরা জানান, আহত দুজনের আঘাত গুরুতর। তাঁদের মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।