সুনামগঞ্জের ধরমপাশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষকেরা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির খাগড়াছড়ি সদর ও জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের শাপলা চত্বর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যামিলি দেওয়ান, সদস্যসচিব মাসুদ পারভেজ ও শিক্ষক নেতা স্বপন চৌধুরী।
কর্মসূচিতে বক্তারা ধরমপাশায় দুই শিক্ষিকাকে শ্রেণিকক্ষে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সম্প্রতি ধরমপাশার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার তাঁর লোকজন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাস ও সহকারী শিক্ষক মণি রানী তালুকদারকে মারধর করেন।