খাগড়াছড়ির জেলা কারাগারের চাল কালোবাজারে বিক্রির সময় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছেন চাল ব্যবসায়ী মো. শাহজাহান ও ঠিকাদার আবুল বশর। গতকাল শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ির কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসানের নেতৃত্বে শহরের শাপলা চত্বরের একটি চালের আড়তে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২০০ কেজি চাল জব্দ করা হয়। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কালোবাজারে চাল বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে খাগড়াছড়ি কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মো. মাহবুব কবীর ও গুদাম সহকারী প্রীতি কুমার চাকমার বিরুদ্ধে। তাঁরা দীর্ঘ দিন ধরে কারাগারের চাল বিক্রি করছিলেন বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান।
অভিযান সম্পর্কে জেল সুপার মুনতাসীর হাসান প্রথম আলোকে বলেন, কালোবাজারে এই চাল বিক্রি দীর্ঘ দিন ধরেই হচ্ছে বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিক্রির সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হবে। এ ছাড়া জেলার মো. মাহবুব কবীর ও গুদাম সহকারী প্রীতি কুমার চাকমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মো. মাহবুব কবীর কালোবাজারে চাল বিক্রির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, চাল বাজারে নেওয়ার বিষয়টি তিনি জানেন না।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, অভিযানে আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জেলা কারাগারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাল বিক্রির বিষয়টি নিয়ে তদন্ত কমিটি করা হবে। কারাগারের কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটক ঠিকাদার আবুল বশর বলেন, তিনি বিভিন্ন মালামাল নিয়মিত কারাগারে নিয়ে যেতেন। শনিবার সকালে জেলারের নির্দেশেই চাল আনতে দুটি অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি কারাগারে নিয়ে যান তিনি।
চালের আড়তের মালিক মো. শাহজাহান বলেন, চালগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে, তিনি জানতেন না। আট বস্তায় ২০০ কেজি চাল কিনেছেন তিনি। প্রতি কেজির দাম পড়েছে ৩২ টাকা করে।