খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় দখল!
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলমের বিরুদ্ধে তালা ভেঙে দলীয় কার্যালয় দখলের অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের কমিউনিটি কাম ট্রেনিং সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
গত বছরের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসন ও পুলিশ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা দিয়ে চাবি নিজেদের হেফাজতে রাখে। গত সোমবার জেলা আওয়ামী লীগের নেতাদের হাতে চাবি হস্তান্তর করা হয়।
কুজেন্দ্রলাল ত্রিপুরা অভিযোগ করেন, প্রশাসন দলীয় কার্যালয়ের চাবি হস্তান্তর করার দিনই জাহেদুল আলম তালা ভেঙে দলীয় কার্যালয় দখলের কাজটি করেছেন। জাহেদুল এখন আওয়ামী লীগের কেউ নন দাবি করে তিনি বলেন, গত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় তাঁকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
তবে নিজেকে দলের সাধারণ সম্পাদক দাবি করে জাহিদুল আলম বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ের তালা খোলা হয়েছে। তালা ভাঙা কিংবা দখলের অভিযোগ সত্য নয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, ‘আমার কাছে এখনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’