খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালন প্রতিরোধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালন প্রতিরোধের হুমকি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে আজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালন ও আদিবাসীবিরোধ প্রচারপত্র বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল রোববার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাঈন উদ্দিনের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুমকি দেওয়া হয়। তবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, কে কাকে হুমকি দিয়েছে তা নিয়ে কিছু আসে-যায় না। যাঁরা মিছিল-সমাবেশ করবেন, তাঁদের আগে অনুমতি নিতে হবে।

আগামীকাল মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস। এদিনে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িসহ আদিবাসী হিসেবে দাবিদার জনগণ পার্বত্য চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালন করে আসছে।

টিআইবির সহযোগী সংগঠন সনাক খাগড়াছড়িতে কয়েকটি বেসরকারি সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের প্রস্তুতি নিয়েছে। টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এ বছরও বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় সনাকের উদ্যোগে আদিবাসী দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে বিষয়ে প্রশাসনকে অবহিতকরণ পত্রও দেওয়া হয়েছে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. মাঈন উদ্দিন বলেন, ‘বাংলাদেশে কোনো আদিবাসী নাই—সরকারের এই ঘোষণা সবাইকে মানতে হবে। আমরা আদিবাসীর নামে কোনো কিছু করতে দেব না।’

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সোমবারের কর্মসূচির বিষয়ে একটি আবেদন করা হলেও গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।